সেই আঞ্জুয়ারাকে মুক্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের নামে করা মামলায় আটক আঞ্জুয়ারা বেগমকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করতে পুলিশের মহাপরিদর্শকে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আঞ্জুয়ারাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতেও বগুড়া পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।‘পরোয়ানা লাইলী বেগমের নামে, হাজতবাস আঞ্জুয়ারা বেগমের’ শিরোনামে ২৫ অক্টোবর প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে গত মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন (হেবিয়াস কর্পাস) করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী। ওই দিন শুনানি নিয়ে আদালত আঞ্জুয়ারা বেগমকে গতকাল আদালতে হাজির করার নির্দেশ দেন। একই সঙ্গে জয়পুরহাট, বগুড়া ও নাটোরের তিন পুলিশ সুপার এবং বগুড়া সদর থানার ওসিকে আসতে বলা হয়। নির্দেশ অনুসারে আঞ্জুয়ারাকে আদালতে হাজির করা হয়। পুলিশ কর্মকর্তারাও উপস্থিত হন।রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খুরশীদুল আলম। আদালত নাটোরের পুলিশ সুপার কাইমুজ্জামান খান এবং বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হকের বক্তব্য শোনেন। পরে আঞ্জুয়ারাকে মুক্তির নির্দেশ দেন। এ সময় জয়পুরহাটের পুলিশ সুপার মো. হামিদুল আলমও উপস্থিত ছিলেন।পরে মো. খুরশীদুল আলম বলেন, মামলাগুলো ছিল লাইলীর বিরুদ্ধে, আঞ্জুয়ারার বিরুদ্ধে নয়। এটি নিশ্চিত হয়ে আদালত আঞ্জুয়ারাকে মুক্তির নির্দেশ দেন।মনজিল মোরসেদ বলেন, আদালত আঞ্জুয়ারাকে গ্রেপ্তারের বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন। গত ৩ আগস্ট বগুড়ার চারমাথা থেকে আঞ্জুয়ারাকে (৪৪) আটক করে তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।