সেই আলমগীরকে গ্রেপ্তার দেখাতে রাষ্ট্রপক্ষের আবেদন
অবশেষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক শীর্ষ সন্ত্রাসী আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীরকে অস্ত্র মামলায় (শ্যোন অ্যারেস্ট) গ্রেপ্তার দেখাতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
গতকাল রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদনটি করেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী। ২৫ নভেম্বর ধার্য দিনে এ বিষয়ে শুনানি হবে।
গত শনিবার শুধু প্রথম আলোতে ‘তিনি কারাগারে, পুলিশ বলছে পলাতক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
পিপি ফখরুদ্দিন চৌধুরী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ২০০২ সাল থেকে কারাগারে আটক থাকলেও নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি অস্ত্র মামলার আসামি বাইট্টা আলমগীরকে আদালতে হাজির করা হচ্ছে না। মামলার নথিতে তাঁকে পুলিশের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে পলাতক দেখানো হচ্ছে। বিষয়টি রাষ্ট্রপক্ষের নজরে আসায় পিডব্লিউ (প্রোডাকশন ওয়ারেন্ট) ইস্যু করে তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে এ মামলায় গ্রেপ্তার দেখানোরও আবেদন করা হয়েছে। মামলার ধার্য দিনে আবেদনের ওপর শুনানি হবে।
বাইট্টা আলমগীর ২০০২ সালের ১৯ সেপ্টেম্বর কারাগারে ঢোকেন। তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর মধ্যে তিন মামলায় সাজা হয়েছে। নগরের পাঁচলাইশ থানার একটি হত্যা মামলায় বর্তমানে তিনি কারাগার থেকে আদালতে হাজিরা দিচ্ছেন। কিন্তু বায়েজিদ বোস্তামী থানার অস্ত্র মামলার তথ্য তাঁর হাজতি পরোয়ানায় না থাকায় তাঁকে আদালতে হাজির করা হচ্ছে না।