সেই আলমগীরকে হাজির করতে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক শীর্ষ সন্ত্রাসী আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীরকে ধার্য দিনে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার বিকেলে শুনানি শেষে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন। আলমগীরকে হাজির করতে পিডব্লিউ (প্রোডাকশন ওয়ারেন্ট) ও অস্ত্র মামলায় (শ্যোন অ্যারেস্ট) গ্রেপ্তার দেখাতে গত রোববার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শনিবার প্রথম আলোতে ‘তিনি কারাগারে পুলিশ বলছে পলাতক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখরুদ্দিন চৌধুরী বলেন, রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে আদালত আলমগীরকে কারাগার থেকে আদালতে ধার্য দিনে হাজির করতে পিডব্লিউ জারির আদেশ দেন। তবে গ্রেপ্তার দেখানোর বিষয়ে আসামির উপস্থিতিতে ধার্য দিন ২৫ নভেম্বর শুনানি হবে।
আলমগীরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তিন মামলায় সাজা হয়েছে। পাঁচলাইশ থানার একটি হত্যা মামলায় তিনি কারাগার থেকে আদালতে হাজিরা দিচ্ছেন। কিন্তু বায়েজীদ বোস্তামী থানার অস্ত্র মামলার তথ্য তার হাজতি পরোয়ানাতে না থাকায় তাকে আদালতে হাজির করা হচ্ছে না।