সেই আলুব্দী গ্রামে কান্না-ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর ১২টা। মাইক্রোবাসে চড়ে আলুব্দী গ্রামের বাজারে এসে নামেন স্থানীয় সাংসদ শাহেদা তারেখ ওরফে দীপ্তি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক খন্দকার মকবুল হোসেন। তাঁরা খবর দেন, কাদের মোল্লার ফাঁসির দণ্ড হয়েছে। শোনার পর রাজধানীর পল্লবীর পার্শ্ববর্তী গ্রামটিতে যেন খুশির বন্যা বয়ে যায়। কারণ, কাদের মোল্লার নেতৃত্বে ১৯৭১ সালের ১৪ এপ্রিল এই গ্রামে যে গণহত্যা হয়েছিল, তাতে প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ শহীদ হয়েছেন। ওই গণহত্যার অন্যতম প্রত্যক্ষদর্শী ও কাদের মোল্লার বিরুদ্ধে করা মামলার সাক্ষী শফিউদ্দিন মোল্লা ও আমির হোসেন মোল্লার চোখেমুখে খুশির ঝিলিক।কিন্তু সেখানে উপস্থিত এক গণমাধ্যমকর্মী মুঠোফোনে খবর নিয়ে জানালেন, ‘ফাঁসি নয়, কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।’ এ তথ্য শুনে মুহূর্তেই যেন বিষাদের ছায়া নেমে এল সেখানে। আমির হোসেন মোল্লার মুখে হাসিও নিমেষে মিলিয়ে গেল। চোয়াল শক্ত আর চোখের তারায় ক্রোধ জমা হতে লাগল তাঁর। একপর্যায়ে পানিতে ভরে গেল সে চোখ। টলমল পানি চোয়াল গড়িয়ে পড়ল একাত্তরে রক্তভেজা আলুব্দীর মাটিতে। স্থানীয় সাংসদ আর আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনতার জটলা থেকে তখন একে একে সরে যেতে থাকলেন। সাংসদ শাহেদা তারেখ ‘ও, ফাঁসি হয় নাই, ফাঁসি হয় নাই!’ বলতে বলতে স্থান ত্যাগ করলেন। জটলার লোকেরা বিক্ষিপ্ত হয়ে চারপাশে ছড়িয়ে গেলেন। সেখানে দাঁড়িয়ে আমির হোসেন চিৎকার করছিলেন, ‘আমি এই রায় মানি না। বিচারকেরা এই গণহত্যার ঘটনা অনুধাবন করতে পারেন নাই। আলুব্দীর মানুষ জানে, দেখেছে কাদের মোল্লা সেই দিন কী করেছিল। কতজনকে অস্ত্র হাতে মেরেছে সে। আমি তার (কাদের মোল্লা) ফাঁসি চেয়ে আপিল করব।’ কাদের মোল্লার ফাঁসি না হওয়ার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল ততক্ষণে। পাড়ার মোড়ের দোকানগুলোতে ভিড়। সবাই টেলিভিশনে রায়ের খবর দেখছে। কিন্তু বয়স্কদের অনেকেই আর রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলেন না। সকালে গ্রামের একজন প্রবীণ ব্যক্তি পাশের তুরাগ নদের ধার থেকে পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে নির্বিচার মানুষ হত্যার ঘটনা বলছিলেন। কাদের মোল্লার নেতৃত্বে গ্রামবাসীকে ধরে নিয়ে সার বেঁধে গুলি করে মারার বর্ণনাও দিয়েছিলেন তিনি। কিন্তু রায় শোনার পর চোখের পানি মুছতে মুছতে গামছায় মুখ ঢাকলেন তিনি। বললেন, ‘আজ রায় হবে, কাদের মোল্লার ফাঁসি হবে ভেবে বুকে সাহস ভর করছিল। যাবজ্জীবন হয়েছে শুনে সে বুক ভেঙে চুরমার হয়ে গেল। জেল থেকে বের হয়ে কাদের মোল্লারা যদি সাক্ষীদের খুন করেন, তাহলে কী হবে?’ সকাল ১০টা থেকে রায় হওয়ার আগ পর্যন্ত আলুব্দী গ্রামের যাঁর সঙ্গেই কথা হয়েছে তাঁর কোনো না কোনো স্বজন ওই গণহত্যায় শহীদ হয়েছেন বলে জানিয়েছিলেন। দিয়েছিলেন সেই যুদ্ধ ও রক্তপাতের বর্ণনা। তাঁরা বলেছিলেন, কাদের মোল্লার নেতৃত্বে পাকিস্তানি সেনারা ১৩ এপ্রিল (১৯৭১) সন্ধ্যায় গ্রামটিকে ঘিরে ফেলেছিল। ১৪ এপ্রিল ভোরে আসে পাকিস্তানি সেনাবাহিনীর হেলিকপ্টার। তবে গ্রামের বেশির ভাগ মানুষ সেই রাতে তুরাগ নদ পেরিয়ে পার্শ্ববর্তী সাভারের সারুলিয়া গ্রামে আশ্রয় নেয়। যারা সেই দিন গ্রামে ছিল আর যারা অন্য এলাকা থেকে ধান কাটার শ্রমিক হিসেবে এসেছিল এই গ্রামে, সেই নিরপরাধ মানুষের বেশির ভাগই হানাদারদের হাতে শহীদ হন। ১৯৭১ সালে তুরাগ নদতীরের আলুব্দী গ্রামের বেশির ভাগ এলাকা ছিল ধানি জমি। গ্রামের অধিবাসী ছিল সর্বসাকল্যে দুই হাজার। সেই ধানি জমিতে এখন গড়ে উঠেছে আবাসন প্রকল্প। গ্রামটি এখন জনাকীর্ণ শহুরে মহল্লা। গ্রামের মেঠোপথ সিমেন্টের আস্তরে ঢেকে গেছে, মাটির ঘরগুলো হয়েছে ইমারত। কাদের মোল্লার নেতৃত্বে সংঘটিত হত্যাযজ্ঞের পর গ্রামবাসীর লাশগুলো কুয়া আর খালের মধ্যে ফেলা হয়েছিল। সেগুলোও এখন ভরাট হয়ে গেছে। শুধু প্রবীণ ব্যক্তিরা বেঁচে আছেন, যুদ্ধদিনের সেই ভয়াবহ ঘটনার সাক্ষী হয়ে। কাদের মোল্লার বিরুদ্ধে করা মামলার আরেকজন সাক্ষী আলুব্দী গ্রামের শফিউদ্দিন মোল্লা রায় সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হলেন না। রায় নিয়ে দেশবাসী তাঁর মত জানতে চায়—এ কথা বলার সঙ্গে সঙ্গে শফিউদ্দিন মোল্লার ক্রোধ আর কান্না যেন একাকার হয়ে গেল। বললেন, ‘সাড়ে তিন শ (৩৪৪ জন) মানুষ খুনের নেতৃত্ব যিনি দিয়েছেন, যাঁকে আমরা সবাই কসাই কাদের হিসেবে চিনি। তাঁর যদি ফাঁসি না হয় তাহলে ন্যায়বিচার আর কই হইল।’