সেই আশরাফুলকে পুলিশের সংবর্ধনা
জয়পুরহাটের সদর উপজেলার জামালপুর ইউনিয়নের উড়ি সেতুর কাছে গত ২৭ নভেম্বর রেললাইন উপড়ে ফেলে দুর্বৃত্তরা। ওই দিন লাল কাপড় উড়িয়ে ট্রেন থামিয়ে শত শত যাত্রীকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন রেলের কর্মচারী আশরাফুল ইসলাম। সেই বুদ্ধিমত্তা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে আশরাফুলকে সংবর্ধনা দিয়েছে জয়পুরহাট পুলিশ প্রশাসন।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার হামিদুল আলম তাঁর সমেঞ্চলন কক্ষে আশরাফুলের হাতে ক্রেস্ট ও ১০ হাজার টাকা তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আশরাফুল বলেন, ২০০৯ সাল থেকে তিনি রেলওয়ের কি-ম্যান (রেললাইনের নিরাপত্তার কাজ) হিসেবে চাকরি করছেন। ২৭ নভেম্বর ভোরে তাঁর বাবা মজিবর রহমান তাঁকে ঘুম থেকে তুলে জানান, কে বা কারা উড়ি সেতুর কাছে রেললাইন উপড়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি মুঠোফোনে সৈয়দপুর রেলওয়ের বড় বাবুকে জানান।
রেল কর্মকর্তা তাঁকে জানান, নীলফামারীর চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন আক্কেলপুর থেকে রওনা দিয়েছে। যেভাবেই হোক তাঁকে ট্রেন থামাতে বলেন। এরপর তিনি বাসা থেকে একটি লাল কাপড় নিয়ে পরিবারের সদস্য ও গ্রামের লোকজন নিয়ে উড়ি সেতুর কাছে চলে যান। এরপর ট্রেন দেখে লাল কাপড় ওড়াতে থাকেন। একপর্যায়ে ট্রেনটি থেমে যায়।
আশরাফুল বলেন, এমন একটি দায়িত্ব পালন করে সংবর্ধনা পাওয়ায় তাঁর খুব ভালো লাগছে। এর আগে রেলওয়ে মন্ত্রণালয় থেকে তাঁকে ৫০ হাজার টাকা ও সংবর্ধনা দেওয়া হয়।