সেই আশ্রয়টুকুও গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার ২১টি আদিবাসী পরিবার গত ১২ জুন থেকে বাবুছড়া উচ্চবিদ্যালয়ে আশ্রয় নিয়ে থাকছে। সামনেই জেএসসি ও এসএসসি পরীক্ষা। কেন্দ্র হবে এই বিদ্যালয়ে। তাই বৃহত্তর স্বার্থে পরিবারগুলো বিদ্যালয়টি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট পরিবার ও উপজেলা পরিষদ এ কথা জানিয়েছে।
আদিবাসী পরিবারগুলো বলছে, ১০ জুন খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ার যত্ন মোহন কার্বারিপাড়া এলাকায় ৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদর দপ্তর স্থাপনের জন্য তাদের উচ্ছেদ করা হয়েছিল।
জানা গেছে, বাবুছড়া উচ্চবিদ্যালয়টি জেএসসি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র। কিন্তু আদিবাসী পরিবারগুলোর বসবাসের কারণে বিদ্যালয়টিতে পরীক্ষার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরীক্ষার পরিবেশে বিঘ্ন ঘটার আশঙ্কায় কেন্দ্র বাতিলের সম্ভাবনা দেখা দিয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তরুণ কান্তি চাকমা এ-সংক্রান্ত একটি আবেদন উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে বিদ্যালয়ে আশ্রয় নেওয়া আদিবাসী পরিবারগুলোর সঙ্গে পরীক্ষাকেন্দ্র বলবৎ রাখার স্বার্থে কথা বলার সিদ্ধান্ত হয়। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, দীঘিনালা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমাসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা আশ্রয় নেওয়া আদিবাসী পরিবারগুলোর কাছে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।
বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারগুলোর পক্ষে নতুন চন্দ্র কার্বারি বলেন, ‘আমরা বসতভিটা থেকে উচ্ছেদ হয়েছি। মামলার আসামি হয়েছি। তবে আমরা অধিকার আদায়ের জন্য যেকোনো জায়গা থেকে আন্দোলন করতে পারব। আমরা চাই না, আমাদের কারণে পরীক্ষার কেন্দ্র বাতিল হোক। আমরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ছেড়ে দেব। তবে আমাদের পাশে আপনাদের দাঁড়াতে হবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, ‘শনিবারের (আজ) মধ্যে তারা বিদ্যালয় ছেড়ে চলে যাবে। আমরাও তাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব।’