সাংবাদিককে মারধরের ঘটনায় সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ বিন ইকরামকে প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার মানববন্ধন করা হবে। জেলা শহরের আলফাত স্কয়ারে বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হবে। গতকাল সোমবার জেলা সাংবাদিক নেতারা এ ঘোষণা দিয়েছেন।
এদিকে ইউএনও গতকাল বিকেলে উপজেলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাদল চন্দ্র দাস নামের আরেক সাংবাদিকের দোকান উচ্ছেদ করেছেন।
বাদল চন্দ্র ‘শাল্লার খবর’ নামের একটি অনলাইন পত্রিকার সম্পাদক। শাল্লা উপজেলা পরিষদের ফটকের পাশে ছিল তাঁর মুদির টং-দোকান। আগের দিন রোববার সকালে ইউএনও একই এলাকায় সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হিজল-করচ এর স্থানীয় প্রতিনিধি বকুল আহমেদ তালুকদারের দোকান উচ্ছেদ করেন এবং তাঁকে মারধর করেন। ইউএনওর এলোপাতাড়ি চড়-থাপ্পড়ে বকুল ডান কানে ও ডান চোখে চোট পেয়েছেন। তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানতে চাইলে বাদল চন্দ্র দাস বলেন, ‘মৌখিকভাবে ইউএনওর অনুমতি নিয়েই আমি ওই দোকান দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে ইউএনও সাংবাদিকদের ওপর খেপে যান। তাঁর ভয়ে শাল্লার সব সাংবাদিক এখন এলাকাছাড়া। আমি নিজেও এলাকায় নেই। আমার দোকানের কোনো জিনিসপত্র বের করতে দেওয়া হয়নি। সবকিছু ভেঙে ফেলা হয়েছে।’
তবে ইউএনও আসিফ বিন ইকরাম বলেছেন, তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদ করিয়েছেন। এর আগের দিন বকুল আহমেদকে মারধরের বিষয়টি তিনি অস্বীকার করে বলেছিলেন, তিনি নন, বকুলকে পুলিশ কয়েকটা চড়-থাপ্পড় দিয়েছে। পুলিশ জানিয়েছিল, তারা কাউকে মারধর করেনি।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান বলেছেন, ‘আমরা ওই ইউএনওর এসব আচরণের বিষয়ে জেলা প্রশাসককে জানিয়েছি। কিন্তু এরপরও ইউএনও এক সাংবাদিককে লাঞ্ছিত করেছেন। ইউএনও শাল্লার সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। তাঁর অব্যাহত হুমকিতে শাল্লার সাংবাদিকেরা এখন এলাকাছাড়া। এর প্রতিবাদে মঙ্গলবার (আজ) জেলায় কর্মরত সব সাংবাদিকের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা শিগগির ইউএনওর প্রত্যাহার দাবি করছি।’