সেই ইউপি চেয়ারম্যান এবার 'ওঁরাও-দরদি'
সিলেট শহরতলির বালুচরে আদিবাসী ওঁরাওদের জায়গা দখলের ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবদুল মছব্বির এবার নিজেকে ওঁরাও-দরদি বলে দাবি করেছেন।
গতকাল শনিবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আবদুল মছব্বির লিখিত বক্তব্যে বলেন, ‘অনেক ওঁরাও পরিবারকে আমি নিজের জায়গায় দয়াবশত থাকতে দিয়েছি। হতদরিদ্র ২৫টি পরিবারকে গৃহ নির্মাণ করে বসবাস করার সুযোগ ও নলকূপ স্থাপন করে দিয়েছি।’
সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়নের বালুচরের চন্দনটিলা এলাকায় আদিবাসী ওঁরাওদের বসবাস। গত ১৮ ফেব্রুয়ারি রথীন্দ্র ওঁরাওয়ের জায়গায় ইউপি চেয়ারম্যানের লোকজন ঘর নির্মাণ শুরু করেন। আদিবাসীদের বাধার মুখে ঘর নির্মাণ বন্ধ করা হয়। এ ঘটনার প্রতিবাদে ২৫ ফেব্রুয়ারি বিকেলে চন্দনটিলায় ওঁরাওদের সহমর্মিতায় আদিবাসী ও নাগরিক সংগঠনের নেতারা সমাবেশ করতে গেলে ইউপি চেয়ারম্যান সরাসরি বাধা দেন। বাধা সত্ত্বেও সেখানে সমাবেশ হয়। লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান বলেন, ‘আমি শুধু রথীন্দ্র ওরাং নয়, ওরাং সম্প্রদায়ের কারও জায়গা দখল করিনি বা করার প্রশ্ন ওঠে না।’