তবে শহীদুল পলাতক রয়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে পুলিশ।এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অপসারণের দাবিতে গতকাল রোববার দুপুরে জেলা ও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে তেরখাদা সদরে বিক্ষোভ মিছিল করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান ও তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুলের বাড়িতে গত শনিবার রাতে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় চেয়ারম্যান বাড়ি ছিলেন না। পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে শহীদুলের লাইসেন্স করা একটি শটগান, ছয়টি তাজা গুলি ও গুলির একটি খোসা উদ্ধার করে। ৫ নম্বর তেরখাদা ইউপি নির্বাচনের প্রচারণা কেন্দ্র করে আওয়ামী লীগ-সমর্থিত দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে গত শনিবার তেরখাদা বাজারে সংঘর্ষ হয়। অভিযোগ রয়েছে, বর্তমান চেয়ারম্যান ও এবারের চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল সংঘর্ষ চলাকালে তাঁর শটগান থেকে গুলি ছোড়েন। ওই গুলিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান নিহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইমরানের মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক হরিদাস বিশ্বাস জানান, ইমরানের বুকে ও হাতে পিলেট গুলি (ছররা) বিদ্ধ হয়েছিল। পিলেট তাঁর হূৎপিণ্ড ও ফুসফুস ভেদ করে গেছে।এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অপসারণের দাবিতে গতকাল বেলা একটায় তেরখাদা সদরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে টিঅ্যান্ডটি চত্বরে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করা হয়। তেরখাদা উপজেলা ছাত্রলীগের সভাপতি সারাফাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ প্রমুখ। বক্তারা ইমরানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ছাড়া উৎকোচ নিয়ে হামলাকারীদের পক্ষ অবলম্বনের অভিযোগে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালালউদ্দিনের অপসারণ দাবি করেন।তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস অভিযোগ করেন, শনিবার গুলি করার একপর্যায়ে তেরখাদা থানার একজন উপপরিদর্শক (এসআই) শহীদুল চেয়ারম্যানের কাছ থেকে তাঁর বন্দুক কেড়ে নিয়েছিলেন। কিন্তু ওসির নির্দেশে পরে ওই অস্ত্র ফেরত দেওয়া হয়। বিপুল অঙ্কের উৎকোচ নিয়ে পুলিশ হামলাকারীদের পক্ষ নিয়েছে। অভিযোগ অস্বীকার করে ওসি জালালউদ্দিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের জের ধরে শনিবার হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ কারও পক্ষ নেয়নি। তিনি জানান, আটক করা ব্যক্তিরা হলেন শাহেদ বিশ্বাস, বিকাশ সাহা, মকিম, তারিক মোল্লা, রওশন, সাদ্দাম, মুরাদ ও ফয়সাল। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ময়নাতদন্ত শেষে ইমরানের মরদেহ গতকাল বেলা ১১টার দিকে উপজেলার ইখড়ি-কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনা হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন দলের নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষ এখানে ইমরানের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে তেরখাদা গ্রামে পারিবারিক কবরস্থানে ইমরানের মরদেহ দাফন করা হয়।