নিজেদের শরীরে আঘাত করে ‘হায় মুজিব’, ‘হায় মুজিব’ বলে মাতমকারী সেই হাজি ইকবালসহ চারজনের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বাকি আসামিরা হলেন মুরাদ আলী, মো. হারুন ও মামুনুর রশিদ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি করেন নগরের বন্দর এলাকার বাসিন্দা মো. মহিউদ্দিন। ইকবাল আলী ওরফে হাজি ইকবাল বেশ কয়েক বছর আগে বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. হানিফ বলেন, আদালত নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ১৩ আগস্ট বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জাতীয় শোক দিবস উদ্যাপন পরিষদ ২০১৭ চট্টগ্রাম ১১ (বন্দর পতেঙ্গা) এই ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৫০ থেকে ৬০ জন লোক অংশগ্রহণ করেন। মানববন্ধন শুরু হওয়ার আগে ইকবালের নেতৃত্বে নগরের চেরাগী পাহাড় মোড় থেকে একটি মিছিল ২০০ মিটার দূরে প্রেসক্লাবে যায় বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান। পরে তাঁরা মানববন্ধন করেন। এই মানববন্ধনে হাজী ইকবাল জিঞ্জির চাকু (ধারালো ছুরি ও ব্লেডের গুচ্ছ) দিয়ে নিজের শরীরে আঘাত করছিলেন, আর বলছিলেন ‘হায় মুজিব’, ‘হায় মুজিব’। বেশ কিছুক্ষণ ধরে তাঁর এই মাতম চলে। এ সময় তাঁর আরও দুই অনুসারীও শার্ট খুলে একই কাণ্ড ঘটান। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এতে সমালোচনার ঝড় উঠে। তাজিয়া মিছিলের অনুকরণে ‘হায় হোসেন’ ‘হায় হোসেন’ এর স্থলে ‘হায় মুজিব’ বলা হয়। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।
১৫ আগস্ট প্রথম আলোয় ‘মানববন্ধনে এ কেমন শোক?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।