সেই ইটভাটা চালু, মাটির জন্য কাটা হচ্ছে পাহাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইটভাটার জন্য মাটি কাটা হচ্ছে খননযন্ত্র দিয়ে। ছবিটি গতকাল রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের আদর্শ গ্রাম গাড়িছড়া মুখ এলাকা থেকে তোলা l প্রথম আলো
ইটভাটার জন্য মাটি কাটা হচ্ছে খননযন্ত্র দিয়ে। ছবিটি গতকাল রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের আদর্শ গ্রাম গাড়িছড়া মুখ এলাকা থেকে তোলা l প্রথম আলো

মাত্র পাঁচ দিন আগে ভ্রাম্যমাণ আদালত ইটভাটায় অভিযান চালিয়ে মাটি কাটার চারটি যন্ত্র জব্দ করেন। একই সঙ্গে ইটভাটার কাজ বন্ধের নির্দেশ দেন। কিন্তু তা উপেক্ষা করে সেসব যন্ত্র দিয়েই পাহাড় কাটা হচ্ছে। আর মাটি নেওয়া হচ্ছে ইউবিএম নামের ইটভাটায়।
গতকাল মঙ্গলবার সকালে রাঙামাটির কাউখালী উপজেলার আদর্শগ্রাম গাড়িছড়া মুখ এলাকায় পাহাড় কাটার এ দৃশ্য দেখা গেছে।
স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, ইউবিএম ইটভাটার মালিক মো. খায়রুল, মো. সিরাজ ও পাইথু অং মারমা। তিনজনই বহিরাগত। তবে খুব প্রভাবশালী। তাঁদের মধ্যে পাইথু অং মারমা ব্যবসায়ী। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংশৈ প্রু চৌধুরী ও কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমার আত্মীয়।
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বেতবুনিয়া চিনিকল এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে আদর্শগ্রাম গাড়িছড়া মুখ এলাকা। গ্রামের মাঝখানে উত্তর-দক্ষিণমুখী নাইল্যাছড়ি সড়ক। সড়কের পশ্চিম পাশ ঘেঁষে কমপক্ষে সাত একর জায়গার ওপর ইউবিএম ইটভাটা। আশপাশের প্রায় ২০ একর জায়গায় কমপক্ষে সাতটি স্থানে পাহাড় কেটে মাটি নেওয়া হচ্ছে ইটভাটায়। এ ছাড়া পাশের সমতল ভূমিতে পুকুরের মতো গর্ত করে মাটি তোলা হয়েছে। ভাটাটির ভেতরে থাকা বেতবুনিয়া কাউখালী বৈদ্যুতিক সঞ্চালন লাইনের চারটি খুঁটি উপড়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
সকাল নয়টায় সরেজমিনে দেখা যায়, ইটভাটা থেকে প্রায় ২০০ গজ দূরে যন্ত্র দিয়ে পাহাড় কাটা হচ্ছে। কয়েকজন শ্রমিক বলেন, ভাটার পশ্চিম পাশে প্রায় এক কিলোমিটার দূরে অন্য দুটি যন্ত্রে পাহাড় কাটা হচ্ছে। এক ঘণ্টায় চারটি ট্রাকে দুই দফায় মাটি এনে ইটভাটায় ফেলে।
ইটভাটার পূর্ব পাশে পাহাড়ে বসবাসকারী সাদিয়া বেগম বলেন, তাঁদের ওই পাহাড় ছেড়ে যেতে চাপ দেওয়া হচ্ছে। গত রোববার রাতে একদল লোক এসে তাঁর বাড়ি ভেঙে দেয়। এ সময় বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়।
আক্তার হোসেন ইটভাটার পশ্চিম পাশের পাহাড়ের বাসিন্দা। বাড়ির পাশের কাটা পাহাড় দেখিয়ে তিনি বলেন, ‘আমাদের পাহাড় ছেড়ে যেতে চাপ দেওয়া হচ্ছে। আমরা কোথায় যাব?’
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. ফারুক সুফিয়ান বলেন, গত শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউবিএম ইটভাটার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যন্ত্রপাতি না থাকায় ইটভাটার চিমনি ভাঙা সম্ভব হয়নি। সেখানে পাওয়া মাটি কাটার চারটি যন্ত্র স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) জিম্মায় রাখা হয়।
ক্যজাই মারমার মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি। অংশৈ প্রু চৌধুরীও ফোন ধরেননি। এ ছাড়া ইটভাটার তিন মালিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইউএনও আফিয়া খাতুন বলেন, ‘কাউখালীতে অনুমোদিত কোনো ইটভাটা নেই। আমরা ইউবিএম ইটভাটার মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মাটি কাটার যন্ত্রগুলো নিলামের ব্যবস্থা করা হবে।’ তিনি আরও বলেন, গৃহবধূর বাড়ি ভাঙার ঘটনায় কাউখালী থানায় মামলা হয়েছে।