সেই ইটভাটা পরিদর্শনে তদন্ত কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তর প্রধান কার্যালয়ের দুই সদস্যের প্রতিনিধিদল গতকাল বুধবার বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার দুরুলিয়াসহ আশপাশের এলাকার ইটভাটাগুলো পরিদর্শন করেছে। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের প্রাকৃতিক সম্পদ বিভাগের পরিচালক সুলতান মাহমুদ ও গবেষণা কর্মকর্তা মাহমুদ হোসেন।বগুড়ার শাজাহানপুর উপজেলার দুরুলিয়া গ্রামে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপন নিয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হলে পরিবেশ অধিদপ্তর এনএমবি ব্রিকস নামে এ ভাটার পরিবেশ ছাড়পত্র বাতিল করে। এর পরিপ্রেক্ষিতে ইটভাটার মালিক বিষয়টি পুনর্বিবেচনা করে পুনরায় ছাড়পত্র দেওয়ার জন্য পরিবেশ মন্ত্রণালয়সহ সরকারের উচ্চপর্যায়ে একাধিক আবেদন করলে পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুই সদস্যের এ কমিটি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে। গতকাল দুপুরে প্রতিনিধিদল বগুড়ায় এসে পৌঁছালে তাদের সঙ্গে নিয়ে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক আফরিন আখতার শাজাহানপুর উপজেলার দুরুলিয়া গ্রামে যান। সেখানে আগে থেকে গ্রামের কয়েক শ লোক এবং ইটভাটার মালিকপক্ষের লোকজন উপস্থিত ছিলেন। প্রতিনিধিদল ভাটার কাছে যাওয়ামাত্র এলাকাবাসী সেখানে ইটভাটা না করার জন্য স্লোগান দিতে থাকেন। এর বিপরীতে ইটভাটার মালিকের পক্ষের লোকজন ভাটা রক্ষার জন্য বিক্ষোভ করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিনিধিদলের সদস্যরা দুই পক্ষের লোকজনের কথা শোনেন। ভাটার আশপাশের বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন।