ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নেংটিহারা গ্রামের সেই ইটভাটা থেকে খুলি ও দাঁতের পোড়া অংশ উদ্ধার করেছে পুলিশ। আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার ভাটা ভেঙে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।ইটের রং লাল করতে শ্রমিক মোজাম্মেল হকের মাথা কেটে তা ওই ভাটার চুল্লিতে পোড়ানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে পুলিশ দমকল বাহিনীর সাহায্যে দুই দিনে ভাটার আগুন নিভিয়ে গত বুধবার আলামতের সন্ধান শুরু করে। মোজাম্মেলের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার গোরাপাড়া গ্রামে।বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার ভূঞা জানান, গতকাল বিকেলে ভাটা ভেঙে মাথার খুলি ও দাঁতের অংশ উদ্ধার করা হয়। এগুলো আলামত হিসেবে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, খুলি ও দাঁতের অংশ নিহত মোজাম্মেলের। এ ছাড়া ওই হত্যাকাণ্ডে ব্যবহূত একটি ছোরাও ভাটা থেকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।মোজাম্মেল হত্যার ঘটনায় পুলিশ ১৬ মার্চ নেংটিহারা গ্রামের এমএনবি ইটভাটার শ্রমিক ইউনুস, কফিল ও জলিলকে গ্রেপ্তার করে। পুলিশের রিমান্ডে তাঁদের দেওয়া তথ্যমতে, ইটের রং ভালো না হওয়ায় ব্যবসায় লোকসানের আশঙ্কায় ওই ভাটার মালিক গণকের শরণাপন্ন হন। গণকের পরামর্শ ছিল, ভাটার চুল্লিতে মানুষের মাথা দিলে ইটের রং ভালো হবে, সেই সঙ্গে বাড়বে ব্যবসা। এ জন্য মালিক চুক্তি করেন ভাটার শ্রমিকসর্দার ইউনুস, শ্রমিক কফিল ও জলিলের সঙ্গে। পরিকল্পনা অনুযায়ী ১৩ মার্চ রাতে ওই তিনজন ভাটার শ্রমিক মোজাম্মেলকে হত্যা করে তাঁর মাথা কাঠের সঙ্গে ভাটায় দেন। এমএনবি ইটভাটার মালিক বালিয়াডাঙ্গী উপজেলার খলিল ও রানীশংকৈল উপজেলার তোফায়েল।