সেই ইটভাটার কার্যক্রম বন্ধ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুচিয়া গ্রামের এবিএফ ইটভাটার সব ধরনের কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থানীয় প্রশাসন বন্ধ করে দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, ইউএনও ৬ ফেব্রুয়ারি ওই ইটভাটার কার্যক্রম বন্ধ করতে তিন দিনের সময় বেঁধে দিয়ে এর মালিকপক্ষকে চিঠি পাঠান।পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক মো. মকবুল হোসেন বলেন, ‘হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর ওই ভাটার কার্যক্রম বন্ধের জন্য মালিকপক্ষকে চিঠি দিয়ে স্থানীয় প্রশাসনকে তা বাস্তবায়নে অনুরোধ করেছি। এর পর থেকে ভাটার কার্যক্রম বন্ধ আছে।’ এবিএফ ইটভাটার অন্যতম পরিচালক (অংশীদার) মো. আবুল হোসেন বলেন, ‘ইউএনওর চিঠি পাওয়ার পর ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ভাটার কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে অবহিত করেছি। সেই থেকে আর্থিক ক্ষতি মেনে নিয়ে হলেও উচ্চ আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে ভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।’ ইউএনও মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন, ‘ওই ভাটার কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে মালিকপক্ষ জবাব দেওয়ার পর থেকে আদালতের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তার প্রতি সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। আমি নিজেও একাধিকবার ভাটা এলাকা পরিদর্শন করেছি।’৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে চলছে ইটভাটা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গত ১২ জানুয়ারি হাইকোর্ট এবিএফ ইটভাটার কার্যক্রমের ওপর চার মাসের নিষেধাজ্ঞা জারি করেন।