সেই ইটভাটার ছাড়পত্র বাতিল
নীলফামারীর সৈয়দপুরের সেই ইটভাটার অবস্থাগত ছাড়পত্র বাতিল করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ওই ছাড়পত্র বাতিল করে ভাটার মালিককে চিঠি দিয়েছে। গতকাল মঙ্গলবার বাতিলের নির্দেশসংবলিত চিঠিটি ভাটার মালিকের হস্তগত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।২৩ নভেম্বর প্রথম আলোয় ‘জান দেই, ভাটা করির দেইম না’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। সেই পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর সরেজমিনে ভাটা এলাকা পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়। পরিবেশ অধিদপ্তরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভাটার মালিক পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত ছাড়পত্র পেতে সৈয়দপুর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা বাসুদেব দাসের যে প্রত্যয়নপত্রটি যুক্ত করেছিলেন, তা ভুয়া প্রমাণিত হয়েছে। কাজেই গত ২১ আগস্ট সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামে যে ভাটা করতে অবস্থানগত ছাড়পত্রটি দেওয়া হয়েছিল, তা বাতিল করা হলো।এ প্রসঙ্গে বগুড়ার রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ছায়েফ উল্যা তালুকদার জানান, তিনফসলি জমিতে ইটভাটা নির্মাণের উদ্যোগ নেয় মেসার্স এ এন ব্রিকস। এ ছাড়া এর ছাড়পত্র পেতে যে কাগজপত্র দাখিল করা হয়েছিল, তা সরেজমিনে ভুয়া প্রমাণিত হয়েছে। ফলে প্রাথমিক অনুমতি দিয়ে অধিদপ্তর মেসার্স এ এন বিকসকে যে অবস্থানগত ছাড়পত্র দেয়, তা বাতিল করা হয়েছে।ভাটার মালিক হাজী নাজমুল ইসলাম বলেন, ইতিমধ্যেই ৫০ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। ছাড়পত্র বাতিল হওয়ায় তাঁরা চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। চূড়ান্ত অনুমোদন পেতে পুনরায় চেষ্টা করা হবে বলে জানান তিনি।