সেই ইটভাটার ছাড়পত্র বাতিল
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় নির্মাণাধীন ‘মেসার্স রিয়াদ ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং’ নামের ইটভাটার অবস্থানগত ছাড়পত্র বাতিল করা হয়েছে। জনসাধারণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পরিবেশ রক্ষার স্বার্থে এই সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (্এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী।‘মেসার্স রিয়াদ ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং’ নামের ইটভাটাটি ইছামতী নদীর পাড়ে নির্মাণ করা হচ্ছিল। ইটভাটাস্থলের জমি তিন ফসলি এবং এর চারপাশ গাছপালায় ভরা। এ ইটভাটার বিরুদ্ধে স্থানীয় জনগণ প্রতিবাদমুখর হয়। স্থানীয় জনগণের দাবির মুখে গোটা বিষয়টি পুনঃ তদন্ত করে ১৬ জুলাই এর অবস্থানগত সনদ বাতিল করে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে মালিক আবদুল হাসেমকে ইটভাটার সব স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, কৃষি, কৃষক ও কৃষিজমি সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর সব সময় সতর্ক থাকবে।প্রসঙ্গত, সিরাজদিখানের এ ইটভাটা নিয়ে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।