সেই ইটভাটার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের খলিফাপাড়াসংলগ্ন সেই ইটভাটার বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক সাইফুল আশরাফ গতকাল সোমবার ইটভাটা পরিদর্শন শেষে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন।সাইফুল আশরাফ জানান, রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন ইসলামপুর ইউনিয়নের খলিফাপাড়াসংলগ্ন ফসলি জমির ওপর এলআরবি-৩ নামের ইটভাটা স্থাপন করে ইট তৈরি করে আসছেন। ইট ভাটার মালিক শ্রমিক দিয়ে মরিয়মনগর ডিসি সড়কের পাশের মাটি কেটে সেই মাটি দিয়েও ইট তৈরি করছেন। এতে ডোবার সৃষ্টি হয়ে সড়কটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনটি পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে। ওই দিনই ইটভাটার বিরুদ্ধে পরিবেশ আইনে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয়।