সেই ঈদকার্ড কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে ঈদকার্ড দেন অনেকে। রাজধানীর পুরানা পল্টনের  একটি দোকান থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঈদে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে ঈদকার্ড দেন অনেকে। রাজধানীর পুরানা পল্টনের একটি দোকান থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

পুরানা পল্টন চৌরাস্তা মোড় ধরে কিছু দূর এগোতেই হাতের বাঁয়ে বাহারি ফলের দোকানের সারি। এরপরই শুরু হরেক রকম কার্ডের দোকান। ঈদের আর বেশি দিন নেই। ক্রেতাদের কার্ড বুঝিয়ে দিতে দোকানিরা ব্যস্ত। বেশির ভাগ ক্রেতাই মাঝবয়সী। শত শত ঈদকার্ড কার্টনে ভরে নিয়ে যাচ্ছেন তাঁরা। লাল, হলুদ, সবুজ রঙের কার্ড। কোনোটার নিচে ব্যাংকের সিল, কোনোটায় এনজিওর লোগো আবার কোনোটায় রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নাম লেখা।
কিন্তু সেই ঈদকার্ড কোথায়? যেখানে শুধুই এক বন্ধু আরেক বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানাবে। যে কার্ডের মধ্যে গম্বুজওয়ালা মসজিদের ওপরে ঈদের স্মারক চাঁদ আর তারা আঁকা। বা সাদা কার্ডের মধ্যে এক তোড়া লাল গোলাপের মাঝখানে লেখা ঈদ মোবারক।
পুরানা পল্টনের কার্ডপাড়ার দোকানিরা জানালেন, এখন আর তাঁরা সাধারণ ঈদকার্ড ছাপান না। কারণ বিক্রি নেই। আগের মতো স্কুল-কলেজের ছেলেমেয়েরা দল বেঁধে বন্ধু আর আত্মীয়স্বজনের জন্য ঈদকার্ড কিনতে আসে না।
আজাদ প্রোডাক্টস, আইডিয়াল প্রোডাক্টস, আপন, সজীবের মতো হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান অল্প কিছু ঈদকার্ড ছাপায়। তাও বিভিন্ন বাণিজ্যিক, শিল্প ও উন্নয়ন প্রতিষ্ঠান থেকে ক্রয়ের নির্দেশ পেলে। সাধারণ ক্রেতাদের কাছে খুচরা বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে। ক্রেতা-বিক্রেতা সবাই জানালেন, ঈদ শুভেচ্ছা এখন চলে গেছে মুঠোফোনের খুদে বার্তায় আর ই-মেইলের ভার্চুয়াল কার্ড পাঠানোর মধ্যে। কার্ড প্রস্তুতকারী কোম্পানিগুলোর মূল ব্যবসা এখন বিয়ের কার্ড, ক্যালেন্ডার আর ডায়েরি বানানো।

আজাদ প্রোডাক্টসের মহাব্যবস্থাপক মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘আগে রোজার মাস শুরু হলে কার্ড বিক্রি করে কুলোতে পারতাম না। এখন হাতে গোনা কিছু প্রতিষ্ঠান দুই-পাঁচ হাজার কার্ডের অর্ডার দেয়। সেগুলো ছাড়া এখন আর খুচরা বিক্রির জন্য কার্ড ছাপানো হয় না।’

মোস্তফা কামাল বলেন, শিশু-কিশোরদের জন্য ঈদে নানা মজার মিনি কার্ড ছাপানো হতো। সেগুলো কয়েক বছর ধরে ছাপানো বন্ধ করা হয়েছে। পুরানা পল্টনের অনেক প্রতিষ্ঠিত দোকানদার এই ব্যবসা বন্ধ করে দিয়ে অন্য ব্যবসায় চলে গেছেন।

বাংলাদেশ প্রিন্টিং প্রোডাক্টস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, আগে এই সংগঠনের সদস্য ছিল প্রায় ১৪০টি প্রতিষ্ঠান। সবাই মিলে ২০ থেকে ২৫ লাখ ঈদকার্ড ছাপাত। এখন ৪০ থেকে ৫০টি প্রতিষ্ঠান দুই-তিন লাখ কার্ড ছাপায়। বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজাদ, আইডিয়াল প্রোডাক্টসসহ কয়েকটি প্রতিষ্ঠান হাতে গোনা কিছু কার্ড সাধারণ ক্রেতাদের জন্য বানায়।

অন্যদিকে দেশে শতাধিক অনলাইনভিত্তিক কার্ড প্রস্তুতকারী ওয়েবসাইট গড়ে উঠেছে। এসব সাইটে নানা রকমের ঈদ কার্ডের নমুনা রয়েছে। সেখান থেকে কার্ড নিয়ে বা তাতে নানা নকশা যুক্ত করে ঈদকার্ড তৈরি করা যায়। অনেক সাইটে খুদে বার্তায় পাঠানোর উপযোগী ঈদকার্ডের নমুনা রয়েছে।