সেই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর থানার সাবেক ওসি জমি ঘুষ দিয়ে আলোচনায় আসা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ইয়াছিন আলীর বিরুদ্ধে ৩ মার্চের সহিংসতার মামলায় অবশেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
আদালতে দাখিল করা অভিযোগপত্রে জামায়াতের নেতা ইয়াছিন আলী ছাড়াও তাঁর বড় ছেলে রবিউল ইসলাম, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমির আবদুর রহিমসহ জামায়াত-শিবির ও বিএনপির ২২০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ‘মানবতাবিরোধী অপরাধে’ অভিযুক্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর গত বছরের ৩ মার্চ বগুড়া জেলাজুড়ে ব্যাপক সহিংসতা চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে সহিংসতায় চারজন নিহত হন। ওই সহিংসতায় শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুন দেয় হামলাকারীরা। ওই মামলায় শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আলীকে প্রধান আসামি করা হয়। গত ২৩ ডিসেম্বর প্রথম আলোতে ‘ছি ছি ওসি’ শিরোনামে প্রধান প্রতিবেদন ছাপা হয়। ওসির জমি ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তদন্তে পুলিশের পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা হয়। বগুড়ার পুলিশ সুপার অভিযুক্ত ওই ওসিকে বগুড়া থেকে প্রত্যাহার চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠান।
এদিকে রাজশাহীর ডিআইজির কার্যালয় থেকে গঠিত তদন্ত কমিটি তদন্তাধীন মামলার আসামির কাছ থেকে জমি ঘুষ নেওয়ার প্রমাণ পেয়ে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠান। গত ৩০ ডিসেম্বর ওসি মাহমুদুল আলমকে শাজাহানপুর থানা থেকে প্রত্যাহার করে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়।