সেই এএসআই প্রত্যাহার
অর্থের বিনিময়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. লিটনকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল রোববার সকালে তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়। পুলিশ সূত্র জানায়, অর্থ নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে গতকাল সকালে জয়দেবপুর থানার অধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এএসআই লিটনকে প্রত্যাহার করে নেওয়া হয়। তাঁকে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, গত শুক্রবার রাতে গাজীপুর সদর উপজেলার দক্ষিণ পানিশাইল এলাকা থেকে জয়নাল আবেদিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অর্থের বিনিময়ে চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এএসআই রেজাউল ও লিটন তাঁকে ছেড়ে দেন। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘ইয়াবাসহ আটকের পর ঘুষ নিয়ে ছেড়ে দিল পুলিশ’ শিরোনামে খবর প্রকাশিত হলে এএসআই লিটনকে প্রত্যাহার করে নেওয়া হয়। তবে এএসআই রেজাউলের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইকবাল হোসেনও স্বীকার করেন, ওই দুই কর্মকর্তা রাতে আসামি ধরে পরে ছেড়ে দেন।