সরকার পক্ষ বলছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন সরকারের অঙ্গীকার। সরকার তার অঙ্গীকার থেকে একটুও নড়েনি। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং সংশ্লিষ্ট সুশীল সমাজ বলছে, ওই চুক্তির মৌলিক একটি বিষয়ও বাস্তবায়িত হয়নি। কোনো কোনো ক্ষেত্রে চুক্তিবিরোধী কার্যক্রম পরিচালিত হচ্ছে।পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন নিয়ে গত এক যুগেরও বেশি সময় ধরে ঘুরেফিরে এমন কথা বলা হচ্ছে। রাজধানীতে গতকাল রোববার আয়োজিত এক আলোচনা সভায়ও বলা হলো, একই রকম কথা। সকালে সিরডাপ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও কাপেং ফাউন্ডেশন।বিচারপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, চুক্তি বাস্তবায়নের দায়িত্ব সরকার ও জেএসএসের। তিনি বলেন, ‘আমরা সন্তু লারমার সঙ্গে কাজ শুরু করেছি। এ কাজ আমরা শেষ করবই।’গওহর রিজভী বলেন, এখন পর্যন্ত চুক্তির তেমন কিছু বাস্তবায়ন হয়নি এ কথা সত্যি, কিন্তু পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার বিষয়টি যে অবস্থায় রেখে গিয়েছিল সেখান থেকে অগ্রগতি তো দূরের কথা, এবার এসে সে অবস্থায়ও পায়নি। ২০০১ সালের পরবর্তী ছয়-সাত বছর বিষয়টি আরও জটিল করে দেওয়া হয়েছে। গওহর রিজভী আরও বলেন, ‘সরকারের বর্তমান মেয়াদকাল শেষ হয়ে আসছে এটাও ঠিক। তবে সরকার চুক্তি বাস্তবায়নে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। এ ব্যাপারে কেউ মনে কোনো সন্দেহ পোষণ করবেন না। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি চুক্তি পূর্ণ বাস্তবায়নের অবস্থান থেকে একটুও নড়েননি। আমাদের বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু করতে।’আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেনের পরিচালনায় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন জেএসএসের তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা। এতে চুক্তি বাস্তবায়নের দুরবস্থা উল্লেখ করে বলা হয়, যে রাজনৈতিক দৃঢ়তা ও সাহস নিয়ে ১৯৯৭ সালে চুক্তি করা হয়েছিল, সেই দৃঢ়তা ও সাহস নিয়ে কাজ করলে চুক্তি বাস্তবায়নের সব বাধা দূর হতে বাধ্য। রাজনৈতিক নেতাদের চুক্তিবিরোধী দৃষ্টিভঙ্গি, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র এবং জুম্ম সমাজের শিক্ষিত, উচ্চবিত্ত ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বার্থবাদিতা চুক্তি বাস্তবায়নের পথে বাধা।আলোচনায় জাসদের সভাপতি ও সাংসদ হাসানুল হক ইনু বলেন, চুক্তি স্বাক্ষরের এত বছর পরও পার্বত্য চট্টগ্রামে অঘোষিত সেনাশাসন, ভূমি দখল, অনুপ্রবেশ ও বন উজাড় হওয়ার মতো ঘটনা অব্যাহত থাকায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। চুক্তি বাস্তবায়নের পথ থেকে সরকারের পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।মানবাধিকার কর্মী হামিদা হোসেন বলেন, ভূমি এবং অন্যান্য স্বার্থে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ঘোঁট পাকানোর জন্য অনেকেই যে তৎপর, তা সবাইকে বুঝতে হবে।এনজিও ব্যক্তিত্ব খুশী কবির বলেন, পুনর্বাসিত বাঙালিদের ঢাল হিসেবে ব্যবহার করে স্বার্থবাদীরা ফায়দা লুটছে। দেশের বিভিন্ন চরাঞ্চলে ওই বাঙালিদের পুনর্বাসনের সুযোগ আছে।অধ্যাপক আবুল বারকাত বলেন, ‘এখন সরকারকে শেষবারের মতো বলার সময় এসেছে, চুক্তি বাস্তবায়ন করুন।’সভায় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, খাগড়াছড়ি আওয়ামী লীগের নেতা সমীরদত্ত চাকমা এবং মুক্ত আলোচনায় আরও অনেকে অংশ নেন।