সেই এসআই জাহিদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদুর রহমান খান
জাহিদুর রহমান খান

রাজধানীর মিরপুর থানা থেকে প্রত্যাহার হওয়া উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

জাহিদুরের বিরুদ্ধে মাহাবুবুর রহমান ওরফে সুজন (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ আছে। এ ছাড়া চলতি বছরেই তাঁর (জাহিদুর) বিরুদ্ধে মাহাবুবুরসহ তিনজনকে হত্যার অভিযোগ আছে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, আজ মাহাবুবুরের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের হাতে এসেছে। সেখানে মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে ‘হত্যাজনিত (হোমিসাইড)’। তিনি বলেন, মাহাবুবুরের পরিবারের অভিযোগ ছিল এসআই জাহিদের বিরুদ্ধে। তাই ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাত্ক্ষণিকভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার গভীর রাতে রাজধানীর শংকর এলাকা থেকে আটক করা মাহাবুবুর রহমানকে জাহিদুর পিটিয়ে মেরেছেন বলে অভিযোগ উঠেছে। মাহাবুবুরের স্বজনেরা বলছেন, চাহিদামতো টাকা না দেওয়ায় এসআই জাহিদ এ ঘটনা ঘটিয়েছেন।

পুলিশের সন্ত্রাসী তালিকায় মাহাবুবুরের নাম ছিল।

আলোচিত এই এসআই এর আগে গত ফেব্রুয়ারিতে মো. জনি নামের এক বিহারি যুবককে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। তিনি তখন পল্লবী থানায় কর্মরত ছিলেন। ওই ঘটনার পর পল্লবী থানা থেকে তাঁকে প্রত্যাহার করা হয়। জনি হত্যার তদন্ত এখনো চলছে, এর মধ্যেই তিনি মিরপুর মডেল থানায় যোগ দিয়েছেন। গত রোববার মাহাবুবুরকে হত্যার অভিযোগ ওঠার পর আবারও তাঁকে প্রত্যাহার করা হয়।

গত জানুয়ারিতে জাভেদ হোসেন নামের এক যুবককে পায়ে গুলি করেন এসআই জাহিদ। পরে অতিরিক্ত রক্তক্ষরণে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে জাভেদের মৃত্যু হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চাঁদার দাবিতে আরও অনেককে ধরে এনে নির্যাতন, মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে।

জনি হত্যার তদন্ত এখনো চলছে

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, গত ৮ ফেব্রুয়ারি রাতে মিরপুরের ইরানি ক্যাম্পের একটি বিয়ের অনুষ্ঠান থেকে মো. জনি, তাঁর ছোট ভাই ইমতিয়াজ হোসেন, ফয়সাল, রাজন, টিটুসহ আটজনকে ধরে নিয়ে যায় এসআই জাহিদের নেতৃত্বে পল্লবী থানার পুলিশের একটি দল। এরপর জনি, রকিসহ অন্যদের থানায় ব্যাপক মারধর করেন এসআই জাহিদ। পরদিন সকালে জনি মারা যান।

নিহত জনির ছোট ভাই ইমতিয়াজ প্রথম আলোকে জানান, বিয়েবাড়িতে সুমন নামের এক পুলিশের সোর্সকে চড় মেরেছিলেন জনি। সুমন মদ খেয়ে মাতলামি করছিলেন। সেই ঘটনার জের ধরে সুমন এসআই জাহিদকে ডেকে এনে জনিকে ধরিয়ে দেন।

ইমতিয়াজ বলেন, ‘জেলে গিয়া সাইফুল ও দুর্জয় নামে এই এলাকার আরও দুজনের সঙ্গে দেখা হয়। ওদেরও পা পিটায়া ভাঙছে জাহিদ স্যারে।’

জনির মৃত্যুর ঘটনায় মিরপুর থানার এসআই শোভন কুমার একটি মামলা করেন। সেই মামলায় বলা হয়, বিয়েবাড়িতে মারামারির ঘটনায় জনিসহ কয়েকজনকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে জনি মারা যান। পরে জনির মা খুরশিদা আক্তার এসআই জাহিদের বিরুদ্ধে থানায় একটি এজাহার দিলে সেটি পুলিশের সম্পূরক এজাহার হিসেবে গৃহীত হয়। ওই মামলার তদন্ত এখনো চলছে।

জনি হত্যার পর এসআই জাহিদকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে নেওয়া হয়। ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠিত হয়। কিন্তু কোনো কমিটিই এখন পর্যন্ত প্রতিবেদন জমা দেয়নি।

মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, জনির মৃত্যুর ঘটনায় পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সদর দপ্তর এখনো তদন্ত করছে। জনির লাশের

ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের হাতে এসেছে। সেখানে বলা হয়েছে যে ‘হার্ট অ্যাটাকে’ তাঁর মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু হওয়ায় জাহিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে দায়িত্বে অবহেলার জন্য বিভাগীয় মামলা চলছে।


জাভেদকে গুলি করে হত্যা

এসআই জাহিদ গত ২৪ জানুয়ারি জাভেদ হোসেন নামের এক যুবককে ধরে পায়ে গুলি করেন বলে অভিযোগ আছে। চার দিন পর সেই যুবক পঙ্গু হাসপাতালে মারা যান। তখন পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় মিরপুরের সিরামিক এলাকা থেকে ধারালো অস্ত্র ও দুটি ককটেলসহ জাভেদকে গ্রেপ্তার করে পুলিশ।

জাভেদের এক আত্মীয় প্রথম আলোকে বলেন, চিকিত্সাধীন অবস্থায় জাভেদ তাঁদের বলেছেন যে কুর্মিটোলা ক্যাম্প থেকে তাঁকে গাড়িতে তোলেন এসআই জাহিদ। গাড়িতে তুলে বলেন, ‘রংধনু ক্লাবটা দেখিয়ে দিবি।’ কিছু দূর নিয়ে যাওয়ার পরই কালো কাপড়ে জাভেদের চোখ বাঁধা হয়। সিরামিক এলাকায় নিয়ে গিয়ে তাঁর পায়ে গুলি করে পুলিশ। এ বিষয়ে পুলিশ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। মিরপুরের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, বিষয়টি তিনি মনে করতে পারছেন না।

মাহাবুবুরের স্ত্রীকেও নির্যাতনের অভিযোগ রয়েছে

গত রোববার নিহত মাহাবুবুরের স্ত্রী মমতাজ সুলতানা প্রথম আলোকে বলেন, শনিবার রাতে পুলিশ বাসায় এসে মাহাবুবুরকে ধরে চোখ বেঁধে রড দিয়ে মারা শুরু করেন। বাধা দিতে গেলে তাঁকে চুল ধরে সরিয়ে দেন। আধা ঘণ্টার মতো বাসায় মারধরের পর মাহাবুবুরসহ তাঁকে (মমতাজকে) ও তাঁদের পাঁচ বছরের ছেলে মোশাররফকে গাড়িতে তোলে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে পুলিশ জোর করে তাঁর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়। এরপর তিনি জানতে পারেন মাহাবুবুর মারা গেছেন।

নিহত মাহাবুবুরের ভাই মাকসুদুর রহমান বলেন, এসআই জাহিদ প্রতি মাসে এক লাখ টাকা করে তাঁকে দিতে বলেছিলেন। নইলে ভাইয়ের ঝুট ব্যবসা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন। এ কারণেই হত্যা বলে পরিবারের দাবি।

ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্র জানিয়েছে, নিহত মাহাবুবুরের সারা শরীরে অসংখ্য মারের চিহ্ন রয়েছে। তাঁর মাথা-হাত-পায়ে অসংখ্য দাগ পাওয়া গেছে। তিনজন চিকিত্সকের একটি দল মাহাবুবুরের ময়নাতদন্ত করেছেন।


সাংসদের ক্ষোভ

স্থানীয় সাংসদ ইলিয়াস মোল্লাহ প্রথম আলোকে বলেন, ‘জনি হত্যার এক সপ্তাহ আগেই আমি পুলিশের ডিসি সাহেবরে বললাম, এসআই জাহিদ অপকর্ম করে বেড়াচ্ছে, ব্যবসা-বাণিজ্য ছাড়া তার কোনো হিসাব নাই। তারে সরান। আপনারও সম্মান রক্ষা হোক, আমারও হোক। তিনি বললেন দেখতাছি। এক সপ্তাহ পরে তো জনিরে মারল। জনি হত্যার পরে আমি ডিসি সাহেবকে বললাম, ঘটনা তো একটা ঘটে গেল। জনির বাবা-মা যেন মামলা করতে পারে, সেই ব্যবস্থা নেন। পুলিশ সেটাও করল না।’