সেই এসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় এক আসামিকে বাড়িতে না পেয়ে তাঁর স্ত্রীকে নির্যাতনের ঘটনায় রামু থানার সেই উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশে গতকাল মঙ্গলবার তাঁকে প্রত্যাহার করা হয়। সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছত্রধর ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেন।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত রোববার দুপুরে চুরির মামলায় অভিযুক্ত রোজেনকে তাঁর বাড়িতে না পেয়ে এসআই রুহুল আমিন রোজেনের স্ত্রী বিপুর কাছে স্বামীর পরিচয়পত্র দেখতে চান। বিপু পরিচয়পত্র নেই—জানালে রুহুল তাঁকে চুল ধরে টানাহেঁচড়া করে মাটিতে ফেলে বন্দুকের বাঁট ও লাঠি দিয়ে মারধর করেন। এ সময় রুহুলের সঙ্গে তিনজন কনস্টেবলও ছিলেন।ঘটনার পরদিন গত সোমবার পুলিশের একটি তদন্ত দল ওই আসামির বাড়ি গিয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেন।ছত্রধর ত্রিপুরা প্রথম আলোকে জানান, ওই গৃহবধূর শরীরে আঘাতের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে রুহুল আমিনকে কক্সবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তদন্ত চলছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে একটু সময়ের দরকার। রুহুল দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করে, কিছু লোকের সহযোগিতায় এলাকা থেকে কয়েকজনকে থানায় নিয়ে পুলিশের পক্ষে সাক্ষ্য নেওয়া হচ্ছে।