মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার সিরাজদিখান আমলি আদালত শুনানি শেষে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, পুলিশ ধর্ষণের আলামত নষ্ট করেছে। গত শনিবার মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই মাসুদুল হক জানান, মামলাটি থানা থেকে শনিবার তাঁর কাছে হস্তান্তর করা হয়। কিন্তু গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মামলার নথিসহ জব্দ করা আলামত তাঁকে বুঝিয়ে দেওয়া হয়নি।স্কুলছাত্রীর বাবা জানান, ধর্ষণের ঘটনাটি জানার পরই গত শুক্রবার বেলা ১১টার দিকে মামলা করা হয়। পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য তাঁর মেয়েকে ওই দিন হাসপাতালে নিয়ে গেলেও তা না করে ফিরে আসে। পরদিন ডাক্তারি পরীক্ষা করা হয়। ধর্ষণের আলামত নষ্ট করার জন্য ইচ্ছা করেই পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য দেরি করেছে। তাই ধর্ষণের আলামত পাওয়ার জন্য তিনি জাহিদুল ও তাঁর মেয়ের ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এই মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা আবুল বাশার বলেন, ‘মামলা হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তাররা কেন করেননি তা বলতে পারব না। তবে ওই ছাত্রীর সেদিনের পরনের জামাকাপড় জব্দ করা হয়েছে। তবে সেগুলো ধুয়ে ফেলার কারণে এখন আলামত পাওয়া নিয়ে সন্দেহ রয়েছে। রাসায়নিক পরীক্ষার জন্য আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার দাবি উঠলে প্রয়োজনে সেটাও করা হবে।’মুন্সিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এহসানুল করিম জানান, শুক্রবার সন্ধ্যায় মেয়েটিকে আনা হয়েছিল। সন্ধ্যায় তো আর পরীক্ষা করা সম্ভব নয়। তাই পরের দিন শনিবার করা হয়। এখনো পরীক্ষার প্রতিবেদন হাতে আসেনি বলে জানান তিনি।