সেই এসআইকে পুলিশ লাইনে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলামকে শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা শনিবার বিকেলে খর্দ বাখৈল গ্রাম পরিদর্শন করে অভিযোগের ভিত্তিতে ওই উপপরিদর্শককে প্রত্যাহার করে নেন। গতকাল রোববার দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ খর্দ বাখৈল গ্রামে গিয়ে দুই পক্ষের লোকজন ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তিনি এলাকার মানুষের উদ্দেশে বলেন, ‘আজকের পর থেকে যদি কোনো পক্ষের বিরুদ্ধে অভিযোগ আসে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ ইসলামি বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা বলেন, নারী ও শিশুরা এলাকায় ফিরতে শুরু করেছে। ব্যক্তিমালিকানাধীন ফসলি জমির ওপর দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই সপ্তাহ ধরে স্থানীয় ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার হুসাইনের দাপটে স্থানীয় প্রতিপক্ষ রবিউল মুন্সির প্রায় ২০০ সমর্থক হামলা ও মামলার শিকার হয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। এতে ঝাউদিয়া ক্যাম্পের ওই উপপরিদর্শক চেয়ারম্যানকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ ওঠে।