ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের মৃগালী গ্রামের বাসিন্দা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহর বিরুদ্ধে তদন্তে নেমেছে সিআইডি। গতকাল শুক্রবার দুপুরে সিআইডির ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আখতারুজ্জামান ও ঈশ্বরগঞ্জ থানার পুলিশ ঘটনা তদন্তে শহীদুল্লাহর গ্রামে যান।
শহীদুল্লাহ তাঁর গ্রামের নিরীহ অনেক পরিবারকে মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক তাদের জমি দখল করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত ২৪ আগস্ট প্রথম আলোয় ‘এসআইয়ের বিরুদ্ধে ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। এর দুই দিন পর ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মৃগালী গ্রামে এসে তদন্ত করে।
গতকাল দুপুরে মো. আখতারুজ্জামান ও ঈশ্বরগঞ্জ থানার পুলিশ মৃগালী গ্রামের ভুক্তভোগী পাঁচটি পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে। এ সময় ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কের মৃগালী গ্রামে শহীদুল্লাহর বিচারের দাবিতে এলাকাবাসী এক ঘণ্টা মানববন্ধন করেন। তাঁরা সঠিক তদন্ত করে শহীদুল্লাহকে বিচারের আওতায় আনার দাবি জানান।