সেই ওসি ফের কাজে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর শিক্ষানবিশ চিকিৎ-সকদের হামলায় সহায়তাকারী বিতর্কিত বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছায়েদুর রহমান ভূঁইয়া ছুটি শেষে ফের কাজে যোগ দিয়েছেন। রাজশাহীতে কর্মরত সাংবাদিকেরা গতকাল সোমবার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বেলা সাড়ে ১১টায় রাজশাহী সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যরা পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিতর্কিত ওসি ছায়েদুলের ফের যোগদান নিয়ে প্রশ্ন তোলেন। পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান সাংবাদিকদের কথা শোনেন এবং তিনি এ জন্য আরও একটু সময় চান। পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে এ বিষয়ে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। এ ছাড়া সাংবাদিকদের দায়ের করা মামলার অগ্রগতি সম্পর্কেও পুলিশ পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি। এ সময় মুঠোফোনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ওসিকে প্রত্যাহারের বিষয়ে কমিশনারের সঙ্গে কথা বলেন।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মহানগর পুলিশের গঠন করা পৃথক তদন্ত দলও কাজ শুরু করেছে। গতকাল দলটি আহত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন।
ঘটনার দিন রাতে বোয়ালিয়ার ওসিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। মাত্র সাত দিনের মাথায় গত রোববার তাঁকে বোয়ালিয়া থানায় দায়িত্ব দেওয়া হয়।