ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনের ঘটনায় খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিনকে আসামি করে অভিযোগপত্র প্রস্তুত করা হচ্ছে।ওসি হেলালের বিরুদ্ধে কাদেরের করা মামলায় এই অভিযোগপত্র প্রস্তুত করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ২৩ জানুয়ারি কাদেরের মামলাটি হয়।মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেছেন, মামলার তদন্ত শেষ পর্যায়ে। তদন্তে সাবেক ওসি হেলালের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। কাদেরের চিকিৎসা সনদ হাতে পাওয়ার পর হেলালউদ্দিনকে আসামি করে শিগগির আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।তদন্ত কর্মকর্তা বলেন, থানায় কাদেরকে মারধর ও চাপাতি দিয়ে কোপানোর সময় পুলিশের সাত সদস্য তখন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বাকি দুজন ছুটিতে, থানায় যোগ দিলে তাঁদের সাক্ষ্যও নেওয়া হবে।খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, কাদের নির্যাতনের মামলার একমাত্র আসামি হেলালউদ্দিনকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।অবশ্য এরই মধ্যে হেলালউদ্দিন গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন বলে খিলগাঁও পুলিশ সূত্র জানিয়েছে।প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞানের ছাত্র কাদের প্রথম আলোকে বলেন, ওসি হেলাল তাঁর অপূরণীয় ক্ষতি করেছেন। মামলাটির অতি দ্রুত বিচার সম্পন্ন করে ওসি হেলালের সাজা নিশ্চিত করার দাবি জানান তিনি।গত বছরের ১৫ জুলাই রাতে ইস্কাটন গার্ডেন রোডের আত্মীয়ের বাসা থেকে হেঁটে বিশ্ববিদ্যালয়ে নিজ হলে ফেরার পথে সেগুনবাগিচা এলাকা থেকে কাদেরকে আটক ও নির্যাতন করে খিলগাঁও পুলিশ। পরের দিন সকালে খিলগাঁও থানার তৎকালীন ওসি হেলালউদ্দিন তাঁর কক্ষে নিয়ে কাদেরকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন এবং তাঁর বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা করেন।পুলিশের করা ওই দুটি মামলার (ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে করা) তদন্তে কাদের নির্দোষ প্রমাণিত হন। তাই তাঁকে অব্যাহতি দিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সম্প্রতি আদালতে অভিযোগপত্র দিয়েছে। এ ছাড়া কাদেরকে মোহাম্মদপুর থানার একটি গাড়ি ছিনতাই মামলায়ও গ্রেপ্তার দেখিয়েছিল পুলিশ। ওই মামলার তদন্তেও কাদের নির্দোষ প্রমাণিত হন।