সেই ওসির বিরুদ্ধে এবার মামলা না নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে এবার মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন নগরের স্টেশন রোডের হোটেল আজাদ অ্যান্ড বিরানি হাউসের মালিক মো. রফিক উদ্দিন।রফিক অভিযোগ করেন, গত বুধবার রাতে একদল যুবক তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। তিনি প্রথম আলোকে বলেন, ‘রেস্তোরাঁ উচ্ছেদের জন্য সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়। কোতোয়ালি থানার ওসি আজাদ সাহেব ওই সময় ঘটনাস্থলের কাছে ছিলেন। এ সময় তাঁর নীরবতা আমার কাছে রহস্যজনক মনে হয়েছে। পরে থানায় গেলে তিনি আমার মামলা নেননি।’জানা গেছে, হোটেল আজাদ যে জায়গায় অবস্থিত, সেই জায়গার মালিক চার ভাই। তাঁদের মধ্যে দুজন জমির একাংশ অন্য ব্যক্তির কাছে বিক্রি করতে বায়না করেন। বায়না করা পক্ষের লোকজন ওই ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে।অভিযোগ সম্পর্কে ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাস্থলের পাশে একটি আবাসিক হোটেলে পুরোনো এক সহকর্মীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। হোটেল থেকে নেমে হোটেল আজাদের সামনে ভিড় দেখে বেতারবার্তায় পুলিশ ডেকে ঘটনাস্থলে যেতে বলি।’ তিনি বলেন, ‘রেস্তোরাঁর মালিক রফিক অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন বলে শুনেছি। আমি ছিলাম না বলে মামলা হয়নি। তবে রেস্তোরাঁর জায়গা নিয়ে যেভাবে রেষারেষি চলছে, তাতে খুনখারাবি হয়ে যেতে পারে। আমি দুই পক্ষকে বিষয়টি সমঝোতা করে ফেলতে বলেছি।’ওসির বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে রফিক বলেন, ‘আমার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা নেওয়া হবে না বলে ওসি সাহেব বুধবার দিবাগত রাতে সাফ জানিয়ে দেন। মামলা না নেওয়া প্রসঙ্গে তাঁর বক্তব্য সত্য নয়।’প্রসঙ্গত, এর আগে খাতুনগঞ্জের হোসাইন অ্যান্ড ব্রাদার্স নামের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক মীর মোহাম্মদ হাসানকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানার ওসি ২০ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগ এনে ক্ষুব্ধ ব্যবসায়ীরা শনিবার সকালে কোতোয়ালি থানা ঘেরাও করেন। গোবিন্দ স্টোর্সের মালিকের ছেলে বিশ্বজিৎকে অন্যায়ভাবে আটকে রাখার ঘটনায় শুক্রবার রাতে হাসানের বিরুদ্ধে মামলা হয় এবং পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা তদন্ত করছেন।