সেই ওসির বিষয়ে তদন্ত শুরু, প্রত্যাহার চেয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলমের বিরুদ্ধে ওঠা জমি ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বগুড়া থেকে তাঁকে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ঢাকায় পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজার রায় ঘোষণার পর ‘চাঁদে সাঈদীকে দেখা গেছে’—এমন গুজব ছড়িয়ে গত ৩ মার্চ বগুড়ার শাজাহানপুর থানা ও আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ সময় পুলিশের হামলায় চারজন নিহত হন। এসব ঘটনায় দায়ের করা চারটি মামলার মধ্যে আওয়ামী লীগের কার্যালয়ে (গতকাল ভুল করে থানায় হামলা মামলা লেখা হয়েছিল) ভাঙচুর ও আগুন দেওয়ার মামলার প্রধান আসামি জামায়াত নেতা শাজাহানপুর উপজেলার চেয়ারম্যান ইয়াছিন আলীর কাছ থেকে পাঁচ শতক জমি নিয়েছেন ওসি। জমিটির দলিল করা হয়েছে ওসির দুই ভাইয়ের নামে।
গতকাল সোমবার এ নিয়ে প্রথম আলোতে ‘ছি ছি, ওসি’ শিরোনামে প্রধান প্রতিবেদন প্রকাশিত হয়। গতকালই পুলিশ প্রশাসন তদন্ত কমিটি করার কথা জানায়। ঘটনার ১০ মাস পার হয়েছে। তবে প্রধান আসামি জামায়াত নেতা ইয়াছিন আলী এখনো গ্রেপ্তার হননি। মামলার অভিযোগপত্র দেয়নি থানার পুলিশ।
অভিযোগ উঠেছে, অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে এমন বোঝাপড়ার ভিত্তিতে ইয়াছিন আলীর কাছ থেকে বর্তমান বাজারদর অনুযায়ী ৩৫ লাখ টাকা দামের পাঁচ শতক জমি ‘ঘুষ’ হিসেবে নেন ওসি মাহমুদুল আলম। জমির দলিল করা হয়েছে ওসির দুই ভাই মাহবুবুর রহমান ও শাহিন রেজার নামে। তাঁদের বাড়ি সিরাজগঞ্জে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযোগ তদন্তে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, ফারুক হোসেন ও সহকারী পুলিশ সুপার (সদর) গাজীউর রহমানকে নিয়ে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। রাজশাহী পুলিশের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকেও তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে। রাজশাহী রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মীর শহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, রাজশাহী আরআরএফের কমান্ডিং অফিসার হারুন অর রশিদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিতে ডিআইজি কার্যালয়ের এবং বগুড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ের একজন করে কর্মকর্তা থাকবেন। এই কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বগুড়া জেলা পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশনের আদেশ ছাড়া বর্তমানে কোনো কর্মকর্তাকে বদলি করা যায় না, তাই ওসি মাহমুদুল আলমকে বগুড়া থেকে প্রত্যাহারের জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।’
জানতে চাইলে পুলিশ সুপার জানান, ৩ মার্চ শাজাহানপুরে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার মামলার প্রধান আসামি ইয়াছিন আলী। তবে পুলিশ এখনো ওই মামলার অভিযোগপত্র দেয়নি। খুব শিগগির অভিযোগপত্র দেওয়া হবে।