সেই কনস্টেবল বরখাস্ত, আরও তিন পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর আদালত হাজতে খাবার দেওয়ার সময় ঘুষ দিতে দেরি হওয়ায় হাত মোচড় দিয়ে আসামিকে আহত করার ঘটনায় সেই পুলিশ কনস্টেবলকে গতকাল বৃহস্পতিবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সেখানে দায়িত্বরত এক হাবিলদার ও আরও দুই কনস্টেলকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।আদালত পরিদর্শক আনিছুর রহমান জানান, ঘুষ নেওয়া এবং আসামির হাত মোচড় দেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবল নজরুল ইসলামকে সামিয়কভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে হাবিলদার মতিয়ার রহমান, কনস্টেবল আবু সামা ও আবদুর রহিমকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।অভিযোগ রয়েছে, রাজশাহী আদালত হাজতে আসামির সঙ্গে কথা বলতে অথবা বাইরের খাবার দিতে গেলে পুলিশকে ২০০ টাকা ঘুষ দিতে হয়। এই টাকা দিতে একটু দেরি হওয়ায় গত বুধবার রাজশাহীর মোহনপুর উপজেলার একটি হত্যা মামলার আসামি ইব্রাহিম হোসেনের হাত থেকে খাবার কেড়ে নিতে গিয়ে তাঁর হাতে সজোরে মোচড় দেন কনস্টেবল নজরুল। এতে ইব্রাহিম অসুস্থ হয়ে পড়লে পুলিশ ১০০ টাকা ফেরত দিয়ে ইব্রাহিমের মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করেন। তাঁর অবস্থার অবনতি হলে হাজিরা দেওয়া বাদ দিয়ে চিকিৎসার জন্য ইব্রাহিমকে কারাগারে ফেরত পাঠানো হয়।