মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈলতলা গ্রামে সেই মেয়েশিশুর কবরকে ‘পানি পাগলির মাজার’ বানিয়ে জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাদের অর্থ-বাণিজ্য চলছেই। এসব কার্যক্রম বন্ধে জেলা প্রশাসন নির্দেশ দিলেও তাঁরা কোনো পদক্ষেপ নেননি। উল্টো ওই কবরের চারপাশে পাকা ভবন নির্মাণ করছেন। গতকাল সোমবার সকালে বৈলতলা গ্রামে গিয়ে দেখা যায়, ওই কবরকে কেন্দ্র করে পাকা ভবন নির্মাণের জন্য পিলার পোঁতা হচ্ছে। এর পাশেই প্রায় অর্ধশত নারী-পুরুষ ও শিশুর দেহের অধিকাংশই মাটিতে। তাঁদের অধিকাংশই পক্ষাঘাতে আক্রান্ত। কথা হয় সদর উপজেলার হাটিপাড়া গ্রামের আবদুল মাজেদের সঙ্গে। তিনি বলেন, অসুখে এক পায়ের শক্তি হারিয়েছেন। দুই দিন ধরে তিনি পা থেকে বুক পর্যন্ত মাটির নিচে রেখেছেন। একইভাবে শিবালয় উপজেলার উথুলি গ্রামের হাসি বেগম, ঢাকার ধামরাই উপজেলার কালামপুর গ্রামের আবু হানিফসহ আরও অনেকে সুস্থ হওয়ার গুজবে মাটিতে শুয়ে বা বসে আছেন। কেউ কেউ শরীরে কবরের আশপাশের মাটি মাখছেন। তাঁরা শুনেছেন, পক্ষাঘাতে আক্রান্ত শরীর এভাবে মাটির নিচে রেখে অনেকেই সুস্থ হয়েছেন। তাই তাঁরাও একই কাজ করছেন। পাশেই তিনটি নলকূপের পানি নিতে ব্যস্ত শতাধিক নারী-পুরুষ ও শিশু। তাঁরাও শুনেছেন, এই পানি পানে বাকপ্রতিবন্ধীদের অনেকেই কথা ফিরে পেয়েছেন।কিন্তু ঘিওর উপজেলার বৈকণ্ঠপুর, বিল্লালাই এবং সদর উপজেলার শুশুন্ডা, চরগড়পাড়া, কয়রা, দীঘিসহ একাধিক গ্রাম ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে এমন কাউকে পাওয়া যায়নি, যাঁরা এভাবে সুস্থ হয়েছেন।‘মাজারের’ স্বেচ্ছাসেবক ও স্থানীয় লোকজন জানান, প্রতিদিন সহস্রাধিক দর্শনার্থী এসে ‘মাজারে’ দান-খয়রাত করেন। প্রতিদিন দুই থেকে পাঁচ লাখ টাকা ওঠে। সেই হিসাবে গত দেড় মাসে মাজার থেকে কমপক্ষে ১০ কোটি টাকা উঠেছে। এই টাকার প্রায় পুরোটাই চলে গেছে পরিচালনা কমিটির নেতাদের পকেটে। সামান্য কিছু টাকা অবকাঠামো খাতে খরচ করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমার জানামতে, এমন কাউকে পাইনি, যিনি ওই কবরের মাটি মেখে ও পানি পান করে সুস্থ হয়েছেন। এটা মাজার পরিচালনা কমিটির সদস্যদের রটানো গুজব। সেই গুজবে প্রতিদিন হাজারো মানুষ সেখানে ছুটছেন রোগমুক্তির আশায়।’এ ব্যাপারে ‘মাজার’ পরিচালনা কমিটি ও স্থানীয় সিংজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, ‘আমাকে জোর করে সভাপতি বানিয়ে অন্যরা অর্থ-বাণিজ্য করছেন। মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিংজুরী ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ বর্তমানে পাকা স্থাপনা তৈরি করছেন।’অভিযোগ অস্বীকার করে আবদুর রশিদ বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মো. মাসুদ করিম বলেন, ‘পাকা স্থাপনা নির্মাণ বন্ধ করে কথিত মাজার কমিটির সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’