সেই কবরেই শোয়ানো হলো শিশু গালিবাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের চার দিনের মাথায় মারা যাওয়া শিশু গালিবা হায়াতকে গতকাল সোমবার সেই কবরেই দাফন করা হলো, যা খোঁড়া হয়েছিল বৃহস্পতিবার সকালে। ওই দিন দাফনের প্রস্তুতি চলার সময় অনেক আশা জাগিয়ে কেঁদে উঠে জীবনের জানান দিয়েছিল শিশুটি। কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত সে আশার দীপ নিভে যায়।
পাঁচ দিন বয়সী নবজাতক অপরিণত শিশু গালিবা হায়াতকে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে আলীপুর গোরস্থানে দাফন করা হয়। এর আগে বিকেল পাঁচটার দিকে তার মৃতদেহ নিয়ে পরিবারের লোকজন ঢাকা থেকে ফরিদপুরে পৌঁছান। যে কবর থেকে ১০৬ ঘণ্টা আগে ফিরে এসেছিল গালিবা, সেই কবরেই পরম মমতায় চিরকালের জন্য তাকে শুইয়ে দেন দাদা আবুল কালাম মিয়া।
এ সময় বাষ্পরুদ্ধ কণ্ঠে আবুল কালাম মিয়া বলেন, ‘আমাদের মন ভেঙে গেছে। প্রথম নাতির মুখ দেখব বলে বড় আশা করেছিলাম। কিন্তু অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না।’
এদিকে এ ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটির প্রধান ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামান গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘কমিটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ২৯ সেপ্টেম্বর জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।’ কে এম কামরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ফরিদপুরের চিকিৎসকের কাজে গাফিলতি হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া স্থানীয় ওই হাসপাতালের ব্যবস্থাপনায়ও নানা গলদ দেখা গেছে।
ফরিদপুর শহরের কুঠিবাড়ি কমলাপুর এলাকার বাসিন্দা নাজমুল হুদার স্ত্রী নাজনীন আক্তার গত বুধবার রাতে শহরের ডা. জাহেদ মেমোরিয়াল হাসপাতালে একটি অপরিণত কন্যাসন্তান প্রসব করেন। স্বজনদের দাবি, চিকিৎসক নবজাতকের নাড়ি না পেয়ে কয়েক মিনিটের মধ্যে তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি মাতৃগর্ভে ছিল মাত্র ২৩ সপ্তাহ। জন্মের সময় ওজন ছিল মাত্র ৪৫০ গ্রাম।