সেই কবিরাজ গ্রেপ্তার হয়নি মীমাংসার জন্য চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার ‘ভণ্ড’ কবিরাজ ইসমাইল মোল্লাকে নয় দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো ইসমাইলের লোকজন ‘ভয়ংকর চিকিৎসা’র শিকার হওয়া ওই মেয়ে ও তাঁর পরিবারকে বিষয়টি মীমাংসা করার চাপ দিচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুর একটার দিকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ওয়ার্ডে গিয়ে দেখা গেছে ‘ভয়ংকর চিকিৎসার’ শিকার মেয়েটির ঝলসে যাওয়া মুখের ক্ষত শুকিয়ে যেতে শুরু করেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মনসুরুল ইসলাম বলেন, ‘আমাদের পক্ষ থেকে মেয়েটিকে বিনা মূল্যে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আর কয়েক দিনের মধ্যেই তাঁর মুখমণ্ডলের ঘা শুকিয়ে যাবে বলে আশা করছি। তবে পরবর্তী পর‌্যায়ের জন্য তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন।’এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ইসমাইলের তিন-চারজন লোক নারী ওয়ার্ডে যায়। মেয়েটি বলেন, ‘কোবর‌্যাজের কয়েকজন লোক আইজ (গতকাল) আইস্যা আমাগরে মীমাংসা করার জন্নে বারবার কলো। তারা কলো, মীমাংসা না কল্লি ভালো হবি না। কিন্তু তাগরে সাথে আমি কুনু কথা কই নাই, আমার মা-ও কুনু কথা কয় নাই। যে আমার এত বড় ক্ষতি কল্ল, আমি তার বিচার চাই।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোজাফ্ফর হোসেন বলেন, ‘কবিরাজের পক্ষের কয়েকজন লোক স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মেয়েটি ও তাঁর মাকে মীমাংসার জন্য চাপ দিয়ে যান বলে জানতে পেরেছি।’পেটের ব্যথা সারাতে গত ৩১ মে সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের মাঝডাঙা গ্রামের ওই মেয়েটিকে পাশের হাসানপুর গ্রামের ভণ্ড কবিরাজ ইসমাইল মোল্লার কাছে নেওয়া হয়। কবিরাজ চিকিৎসার নামে মেয়েটির মুখ ফুটন্ত পানির মধ্যে জোর করে চেপে ধরে কাঁথাচাপা দেন। এতে তাঁর মুখমণ্ডল ভয়াবহভাবে ঝলসে যায়। এ ঘটনায় পরদিন কবিরাজের বিরুদ্ধে অপচিকিৎসার মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগ এনে সাঁথিয়া থানায় মামলা করা হয়। কিন্তু গতকাল পর্যন্ত পুলিশ কবিরাজ ইসমাইলকে গ্রেপ্তার করতে পারেনি।ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর বলেন, ‘কবিরাজ ইসমাইল এর আগেও পেটের ব্যথা, কানের ব্যথা প্রভৃতির চিকিৎসার নামে গরম পানি দিয়ে চিকিৎসা করেছেন। মূলত লেখাপড়া না জানা নারীরাই ছিল তাঁরা রোগী। এর আগেও চিকিৎসা করতে গিয়ে দু-একজনের মুখে ফোসকা পড়েছে। তবে গুরুতর আকার ধারণ না করায় তিনি বেঁচে গেছেন। তবে এবার তিনি যা করেছেন তাতে তাঁর নিস্তার নেই।’কবিরাজ ইসমাইলকে গ্রেপ্তারের ব্যাপারে সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, ‘সামনে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের কারণে চরম ব্যস্ততার মধ্যেও কবিরাজকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু পালিয়ে থাকায় তাঁকে ধরা যাচ্ছে না।’ তিনি বলেন, ‘বিষয়টি মীমাংসার জন্য কবিরাজের লোকজন মেয়েটির পরিবারকে চাপ দিচ্ছে কি না জানা নেই। এ নিয়ে মীমাংসার সুযোগ নেই। পুলিশ নিজস্ব গতিতে এগোবে।’