সেই কর আদায়কারী মাহমুদুল চাকরি থেকে পদত্যাগ করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের কর আদায়কারী পদে চাকরির পাশাপাশি সক্রিয় রাজনীতি করা মাহমুদুল হক অবশেষে চাকরি থেকে পদত্যাগ করেছেন। তিনি গতকাল বুধবার সিটি করপোরেশনের সহকারী সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রসঙ্গত, মাহমুদুল হক চট্টগ্রামের পটিয়া উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক। সরকারি চাকরি বিধিমালার ২৫ নম্বর ধারার ১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে ওই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন না।গত ২২ ডিসেম্বর প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘চাকরি ও রাজনীতি একসঙ্গে করছেন তিনি’ শিরোনামে মাহমুদুল হককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিন দিন আগে সিটি করপোরেশন তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয়। ওই নোটিশের জবাব না দিয়ে গতকাল তিনি চাকরি থেকে ইস্তফা দেন।চাকরি থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ‘আপনাদের (প্রথম আলো) কারণে আর চাকরিটা করতে পারলাম না। অনেকে সাংবাদিকতা করেন কিন্তু আপনারা যেভাবে লিখেছেন তাতে আর চাকরি করা সম্ভব হলো না। তাই ইস্তফা দিয়ে দিলাম।’ তিনি জানান, এখন থেকে সার্বক্ষণিকভাবে রাজনীতি করবেন।চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেন চৌধুরী বলেন, ‘মাহমুদুল হক যদি নিজের কাজের বিচার নিজেই করতে পারেন, তাহলে তো ভালোই। আমাদের আর ঝামেলা করতে হলো না।’ গত ৭ নভেম্বর পটিয়া উপজেলা বিএনপির একাংশের সম্মেলনে মাহমুদুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১২ নভেম্বর পটিয়া রাহাত আলী উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির অপর অংশের সম্মেলন হয়। ওই সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি পটিয়ার সাবেক সাংসদ গাজী মো. শাহজাহান জুয়েলের অনুসারী বলে পরিচিত।