জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাতের ঘটনায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পীরগঞ্জ শাখার প্রহরী মো. শাহজাহান আলী এবং গাইবান্ধা কার্যালয়ের কর্মকর্তা আরাফাত জামানের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয়েছে৷
রাকাব গাইবান্ধা আঞ্চলিক ব্যবস্থাপক মো. মাসুদ করিম এবং পীরগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আজিজুল হক গত সোমবার অভিযোগপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন৷ মাসুদ করিম বলেন, ‘আমি এখনো চিঠি পাইনি৷ তবে অভিযোগপত্র দেওয়ার কথা শুনেছি৷’ আজিজুল হক বলেন, ‘আমাকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে৷’
এর আগে জালিয়াতি, প্রতারণা, বিশ্বাস ভঙ্গ ও ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে ওই দুজনের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা মোকদ্দমা রুজু করা হয় এবং রাকাব চাকরি প্রবিধিমালার ৪৪(১) ধারা অনুযায়ী গত নভেম্বরে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়৷
গত বছরের জানুয়ারিতে গ্রাহকেরা চেক নিয়ে রাকাবের ভোমরাদহ শাখায় এসে দেখতে পান, তাঁদের হিসাবে কোনো টাকা নেই৷ তখন কর্তৃপক্ষের নজরে আসে৷