ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেনকে তাৎক্ষণিক বদলির (স্ট্যান্ডরিলিজ) নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবারের মধ্যে তাঁকে কর্ণফুলী পেপার মিলে যোগ দিতে বলা হয়েছে। দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগে তাঁকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে বলে সার কারখানার একটি সূত্র জানিয়েছে৷
সূত্রটি জানায়, নানা অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগে কর্তৃপক্ষ ওই কর্মকর্তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে৷ এ-সংক্রান্ত আদেশটি গত রোববার এসেছে৷
জানতে চাইলে আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল কবির প্রথম আলোকে বলেন, ‘এই প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে চলে৷ এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই৷ আনোয়ার সাহেবকে কেন সেখানে পাঠানো হয়েছে, তা বিসিআইসি ভালো বলতে পারবে৷’
আশুগঞ্জ সার কারখানার নিয়োগ-প্রক্রিয়ার অনিয়ম নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘আশুগঞ্জ সার কারখানায় নিয়োগ-বাণিজ্য’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ওই দিনই বিসিআইসি কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) এস এম মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
কারখানার একটি সূত্র জানায়, দুই বছর আগেও অনিয়মের মাধ্যমে কারখানার অতিরিক্ত যন্ত্রাংশ বিক্রি করার অভিযোগে আনোয়ার হোসেনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় চলতি বছরের মার্চ মাসে আনোয়ার হোসেনের একটি ইনক্রিমেন্ট আটকে দেওয়া হয়, যা এখনো বহাল আছে।
আনোয়ার হোসেন বলেন, ‘ইদানীং স্ট্যান্ডরিলিজ স্বাভাবিক প্রক্রিয়া। কর্ণফুলী পেপার মিলে শ্রমিক সংগঠন সিবিএ নির্বাচন হবে৷ নির্বাচন পরিচালনায় কর্তৃপক্ষ আমাকে যোগ্য মনে করছে৷ সে কারণে আমাকে সেখানে পাঠিয়েছে৷’ দুর্নীতি ও অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনায় আমাকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে কি না, তা আমার জানা নেই।’