সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলি-বাণিজ্যের অভিযোগে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমানকে গতকাল মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে৷
এদিকে বদলি, অবসর ভাতা, বিনোদন ভাতা, টাইম স্কেল পাস, স্লিপ ফান্ড বরাদ্দ, ছুটি মঞ্জুর থেকে শুরু করে যেকোনো ধরনের কাজের জন্য সই করাতে গেলে আতাউর রহমানকে ঘুষ দিতে হতো বলে ভুক্তভোগী শিক্ষকেরা জানিয়েছেন৷ এসব কাজে তাঁকে সহযোগিতা করতেন উচ্চমান সহকারী মো. মোসলেহ উদ্দিন৷ সরেজমিনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে৷
এর আগে গত সোমবার বিকেলে মনোহরদীতে বদলি-বাণিজ্যের অভিযোগে আতাউর রহমানকে তাঁর নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন ভুক্তভোগী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা৷ এ সময় পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ পরে জ্যেষ্ঠ শিক্ষকেরা নিজেদের জিম্মায় তাঁকে ছাড়িয়ে নিয়ে আসেন৷ এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘ঘুষ নেওয়ায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়৷
খোঁজ নিয়ে জানা গেছে, আতাউর রহমান মাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নানের কাছ থেকে ৫০ হাজার, গোতাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনারা বেগমের কাছ থেকে ১০ হাজার, চক চাতারদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন নাহারের কাছ থেকে ১৫ হাজার, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিগার সুলতানার কাছ থেকে ৩৫ হাজার, চন্দনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাতুনে জাহানের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছেন৷ এ ছাড়া প্রাক্-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগসহ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার কাগজে সই করার জন্য অনেক শিক্ষকের কাছ থেকে বিপুল অঙ্কের ঘুষ নিয়েছেন৷
অভিযোগের ব্যাপারে আতাউর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়৷
তবে মোসলেহ উদ্দিন বলেন, ‘এটা সত্য যে স্যার (আতাউর) টাকা ছাড়া কোনো কাজ করতেন না৷ তিনি আমাকে যা নির্দেশ দিতেন, আমার তা-ই করতে হতো৷ আমার কিছুই করার ছিল না৷’সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন ও রতন কুমার বলেন, ‘স্যার আমাদের শুধু মাঠপর্যায়ে কাজ করাতেন৷ অর্থনৈতিক ও প্রশাসনিক সব কাজ স্যার ও মোসলেহ উদ্দিন করে থাকেন৷’
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুল আলম বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আমাকে জানানো হয়েছে যে আতাউর রহমানকে সাময়িক বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷’