সেই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ গুঁড়া দুধ চুরির অভিযোগে হাসপাতালের রান্নাঘরের তত্ত্বাবধায়ক (চতুর্থ শ্রেণির কর্মচারী) সুদেব কুমার মণ্ডলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নোটিশ হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
গত মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের পক্ষে এ নোটিশ দেন সহকারী পরিচালক (অর্থ ও স্টোরস) মো. আবদুস সালাম।
এ বিষয়ে গতকাল বিকেলে আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত কারণ দর্শানোর লিখিত কোনো জবাব পাইনি৷’
হাসপাতালের কর্মকর্তারা জানান, গত সোমবার হাসপাতালের পরিচালক রান্নাঘর পরিদর্শনে গিয়ে সুদেবের আলমারি থেকে প্রায় ১০ কেজি গুঁড়া দুধ ও ১৬টি জেলির (প্রতিটি ৫০০ এমএল) বক্স উদ্ধার করেন। তখন পরিচালক তাঁর আলমারিতে রোগীদের খাবার রাখার কারণ জানতে চাইলে কোনো সঠিক উত্তর দিতে পারেননি সুদেব, যা সরকারি মালামাল আত্মসাতের শামিল ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-১৯৮৫-এর পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। তাই সুদেবের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে নোটিশ দেওয়া হয়। এই কারণ দর্শানোর নোটিশ হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ওই দুধের বাজারমূল্য প্রায় ১৬ হাজার টাকা, প্রাণ জেলির মূল্য প্রায় এক হাজার ৭৬০ টাকা বলে হাসপাতালের কর্মচারীরা জানিয়েছেন।