সেই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে মামলা
সিলেট জেলা প্রশাসনের বাণিজ্য শাখার কর্মচারী (সাময়িক বরখাস্ত) আজিজুর রহমানের বিরুদ্ধে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার বিকেলে দুদক সিলেট কার্যালয়ের উপসহকারী পরিচালক ওয়াহিদ মনজুর সোহাগ বাদী হয়ে এ মামলা করেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ মামলা হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ৯ ফেব্রুয়ারি বিকেলে জেলা প্রশাসনের বাণিজ্য শাখায় কর্মরত অবস্থায় ঘুষ গ্রহণকালে আজিজুর রহমানকে ১০ হাজার টাকাসহ আটক করে দুদকের একটি দল। তখন ঘুষের টাকাসহ আজিজুরকে দুদক দলের কাছ থেকে ছিনিয়ে নেন তাঁর সহকর্মী কর্মচারীরা। সেই থেকে আজিজুর পলাতক রয়েছেন। মামলায় আজিজুরকে একমাত্র আসামি করা হয়েছে।
দুদক দল ওই দিন জেলা প্রশাসনের কর্মচারীদের কাছে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ ছিল। এ সময় কর্মচারীদের হামলায় দুদকের দুজন উপসহকারী পরিচালকসহ চারজন আহত হন। এ ঘটনায় দুদকের একটি উচ্চ পর্যায়ের দলের তদন্তের পর মন্ত্রিপরিষদের সভা থেকে আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে। আজিজুরকে জেলা প্রশাসন সাময়িক বরখাস্ত করেছে।