সেই কাউন্সিলরকে গ্রেপ্তারে এবার আ.লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ
নাশকতার মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ও ছাত্রশিবিরের সাবেক নেতা শাফিউল ইসলাম ওরফে শাফিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগ। গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে এ দাবি জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার মহানগর মহিলা আওয়ামী লীগ এবং মঙ্গলবার যুবলীগ একই কর্মসূচি পালন করে।
গতকাল বেলা সাড়ে ১১টায় শহরের বেতপট্টিতে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মহানগর আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগ যৌথভাবে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমানের সভাপতিত্বে ওই সমাবেশে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশ শেষে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আধা ঘণ্টা শহরের কাচারি বাজারে অবস্থিত পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নেতা-কর্মীরা। এ সময় পুলিশ সুপার আবদুল রাজ্জাক বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, পুলিশ কাউন্সিলরকে খুঁজছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান অভিযোগ করেন, কাউন্সিলর শাফিউল ছিলেন ৮৮ থেকে ৯২ সাল পর্যন্ত ছাত্রশিবিরের সন্ত্রাসী। তাঁর হাতে সেই সময় অনেক ছাত্রনেতা আহত হয়েছেন।