সেই কাউন্সিলরের মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে এলাকাবাসী
বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে। জনরোষের ভয়ে ইব্রাহিম গা ঢাকা দিয়ে রয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী।এদিকে বস্তির নির্যাতিত লোকজন এবং এলাকাবাসী গত সোমবার সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে সেউজগাড়ী এলাকায় ইব্রাহিমের কয়েকটি মাদকের আস্তানায় ভাঙচুর করেছে।গত শুক্রবার রাতে শহরের স্টেশন সড়কের সুইপার কলোনি ও থানাপাড়া বস্তিতে ইব্রাহিম তাঁর সহযোগীদের নিয়ে মাতাল অবস্থায় হামলা চালিয়ে বস্তিবাসীদের মারপিট ও শিশু-কিশোরীদের যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ করেছে বস্তিবাসী।এ ঘটনার প্রতিবাদে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বস্তিবাসীসহ এলাকার লোকজন স্টেশনরোডের সেউজগাড়ী-আমতলা সড়ক অবরোধ এবং বিক্ষোভ করে। প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভকারীরা ইব্রাহিমের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।এদিকে গতকাল মঙ্গলবারও ইব্রাহিমকে এলাকায় দেখা যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ ছিল।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, সোমবার বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ ও সেউজগাড়ী এলাকায় রাস্তার পাশের চারটি ঘর ভাঙচুর করেছে।