সেই কাটা টিলা থেকে রেস্তোরাঁসহ স্থাপনা উচ্ছেদ
সিলেটের শাহি ঈদগাহের মাঠের সেই কাটা টিলা থেকে বাণিজ্য মেলার রেস্তোরাঁসহ আরও তিনটি স্থাপনা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। ১০ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত একটি সচিত্র প্রতিবেদনের সূত্র ধরে পরিবেশ অধিদপ্তরের বিশেষ দল গতকাল বুধবার বিকেলে মেলায় গিয়ে উচ্ছেদ অভিযান চালায়। গতকাল সন্ধ্যায় ঘটনাস্থল থেকে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মো. ফারুক হোসেন প্রথম আলোকে জানান, দুপুরের দিকে সেখানে গিয়ে কাটা টিলার ওপর রেস্তোরাঁসহ আরও তিনটি স্থাপনা থাকার বিষয়টি প্রত্যক্ষ করা হয়। পরে মেলার ইভেন্ট কর্তৃপক্ষকে এগুলো সরানোর নির্দেশ দিলে সন্ধ্যার মধ্যে রেস্তোরাঁসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।উল্লেখ্য, সিলেট চেম্বারের উদ্যোগে শাহি ঈদগাহ মাঠে বাণিজ্য মেলার আয়োজন করতে গত ১৮ নভেম্বর একটি টিলা কাটা হয়। ২০১০ সালের বাণিজ্য মেলার প্রধান ফটক নির্মাণ করতে ওই টিলার একাংশ কাটা হয়েছিল। মেলার আয়োজন করতে টিলা কাটার ঘটনায় গত ১৯ ডিসেম্বর প্রথম আলোয় ‘রক্ষা পেল না সেই টিলাটি’ শিরোনামে দুই বছরের চিত্র নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়।এ সূত্রে সিলেট সদর উপজেলা প্রশাসন তদন্ত করে তাৎক্ষণিক উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মোশাররফ হোসেন বাদী হয়ে ‘অজ্ঞাত’ ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক তদন্ত কর্মকর্তা নিযুক্ত হলেও প্রায় দেড় মাস পরও মামলার আসামি ‘অজ্ঞাত’ ব্যক্তিরা চিহ্নিত হয়নি।