সেই কারখানায় আরও ৩০ জন শ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট নিট লিমিটেড কারখানায় আরও ৩০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে সাতজন গত শনিবার এবং ২৩ জন গতকাল রোববার অসুস্থ হওয়ার পর কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক বেড়েই চলছে। অসুস্থ শ্রমিকদের মধ্যে ১১ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে গত মঙ্গলবার ও বুধবার কারখানার ৩৪ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেওয়ায় গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে। গত শনিবার কারখানায় আবার কাজ শুরু হয়।কারখানার সার্বক্ষণিক চিকিৎসাকাজে নিয়োজিত স্কয়ার হাসপাতালের চিকিৎসক ফরিদুল ইসলাম বলেন, ভীতি থেকে দুর্বল নারী শ্রমিকেরা ক্রমেই অসুস্থ হয়ে পড়ছেন। তিনি একে ‘ম্যাস হিস্টোরিয়া’ হিসেবে উল্লেখ করেছেন।কারখানার উপমহাব্যবস্থাপক আবদুল বারী খান প্রথম আলোকে বলেন, নতুন করে শ্রমিক অসুস্থ হওয়ায় শ্রমিকদের পরামর্শে কবিরাজের শরণাপন্ন হয়ে শনিবার রাতে কারখানাটির চার কোণে ও মাঝখানে আজান দিয়ে মাটিতে তাবিজও পোঁতা হয়। এ ছাড়া শ্রমিকদের ভীতি দূর করতে শ্রমিকেরা যে পরামর্শ দেবেন, কর্তৃপক্ষ তা করতে রাজি আছেন বলে তিনি উল্লেখ করেন।মির্জাপুর কুমুদিনী হাসপাতাল সূত্র জানায়, গত দুই দিনে অসুস্থ শ্রমিকদের মধ্যে ১১ জনকে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মফিজুর রহমান, জুবেদা খাতুন, মিতু বেগম, কবিতা রানী, মুন্নী আক্তার, রাশেদা বেগম, রোজিনা আক্তার, নাছিমা আক্তার, উজালা বেগম, আঁখি আক্তার ও তন্বী আক্তার।এদিকে কমফিট কম্পোজিট নিট লিমিটেড কারখানায় অব্যাহত শ্রমিক অসুস্থতার খবর পেয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার জামিল হাসান, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানারা বেগম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার কারখানা পরিদর্শন করেন।