সেই কারখানায় নিয়মিত চালানো হচ্ছে ইটিপি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সাউথ ইস্ট টেক্সটাইল কারখানায় নিয়মিতভাবে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) চালানো হচ্ছে। এ ছাড়া কারখানার আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকায় পাইপলাইনের কাজ শুরু হয়েছে। গত ১৪ এপ্রিল প্রথম আলোয় ‘কারখানার বর্জ্যে এলাকাবাসী নানা রোগে আক্রান্ত’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশের পর কারখানা কর্তৃপক্ষ এসব উদ্যোগ নেয়।এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ওই কারখানার দূষিত বর্জ্য প্রথমে খালে ও পরে প্রায় তিন কিলোমিটার দূরে বংশাই নদীর কোদালিয়া এলাকায় পড়ে। কোনো ধরনের শোধন ছাড়াই খালে বর্জ্য ফেলায় এলাকাবাসী নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছিলেন। গবাদিপশুও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এতে কোদালকাটা, লালবাড়ি, নয়াপাড়া, সোহাগপাড়া, জয়েরপাড়া, পাইনাচড়, ডুলিপাড়া ও কোদালিয়া গ্রামবাসী ভীষণ সমস্যায় পড়েন। পরে এলাকাবাসীর সমন্বয়ে গঠিত শিল্পাঞ্চলে দূষিত বর্জ্য প্রতিরোধ কমিটি গত ১৩ এপ্রিল মির্জাপুর প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে আন্দোলনের ঘোষণা দেয়। পরদিন এ নিয়ে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়।পরে কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীর সঙ্গে কথা বলে ইটিপির মাধ্যমে নিয়মিত বর্জ্য পরিশোধন করে কারখানার বাইরে ফেলা শুরু করে। এ ছাড়া তারা লালবাড়ি মণ্ডলপাড়া থেকে সোহাগপাড়া খাল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় পাইপ বসানোর কাজ শুরু করে। লালবাড়ি গ্রামের ব্যবসায়ী আবদুল আলীম বলেন, ‘সত্যিই আমরা আনন্দিত। প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর এত তাড়াতাড়ি কারখানা কর্তৃপক্ষ কাজটি শুরু করবে, তা ভাবতে পারিনি।’ওই কারখানার সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ) জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আগে এলাকাবাসীর কেউই তাঁদের সমস্যার কথা আমাদের জানাননি। প্রথম আলো র মাধ্যমে আমরা এলাকাবাসীর সমস্যাগুলো সম্পর্কে জানতে পারি। এরপর দ্রুত সভা করে পরামর্শক (কনসালট্যান্ট) নিয়োগ করে ইটিপির মাধ্যমে দূষিত পানি শোধন ও প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে খালে পাইপ বসানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি।’