
ছোট আকারের একটি ঘর, ঘর না বলে খুপরি বলাই ভালো। খাট বা চৌকি ফেলার জায়গা নেই। কোনোমতে একজনের শোবার ব্যবস্থা, তা-ও মেঝেতে। এক কোণে হাঁটুসমান উঁচু দেয়ালঘেরা শৌচাগার। জানালা নেই। দরজা বলতে মোটা শক্ত লোহার গ্রিল। নেই আলো-বাতাস ঠেকানোর ব্যবস্থা। এর নাম ‘কনডেম সেল’। ফাঁসির আসামিদের রাখা হতো এখানে।
‘ঢাকা কেন্দ্রীয় কারাগার’ লেখা বিশাল আকারের ফটকটি পার হয়ে ভেতরে ঢুকতেই সোজা একটি রাস্তা চলে গেছে পশ্চিম দিকে। এর শেষ মাথায় একদিকে ফাঁসির আসামিদের রাখার নির্ধারিত স্থান ‘আট সেল’। কোনো কক্ষেই কারাবন্দী নেই। নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার এখন শুধুই স্মৃতি। একসময়ের বন্দিশালা এখন একেবারেই ফাঁকা। জনাকীর্ণ পুরান ঢাকার কোনো শব্দ এখানে পৌঁছায় না। সুনসান-নিরিবিলি পরিবেশ। কেমন যেন গা-ছমছমে ভাব পরিত্যক্ত এ বন্দিশালায়।
ভেতরে ঢুকে ডান পাশেই মহিলা ওয়ার্ড। ওয়ার্ডটি তালা দেওয়া। তাই ভেতরটা দেখা গেল না। এরপর সারি সারি দোচালা ভবন। সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বন্দীরা এসব ভবনে বসে কাজ করতেন। ডান দিকে ‘আমদানি ওয়ার্ড’ বলে পরিচিত ‘যমুনা সেল’। টিনের ছাউনির একতলা লম্বা ঘর। দরজা বলতে লোহার ফটক। তা দিয়ে যতটুকু আলো-বাতাস আসে। ফলে দিনেও ভেতরটা আবছা আঁধার। কারাগারে আসা বন্দীদের প্রথমে এখানে রাখা হতো।
আমদানি সেলের মুখে বিশাল তিনতলা ভবন ‘মেঘনা’। এটি ছিল সাধারণ বন্দীদের ওয়ার্ড। এর পাশে হাসপাতাল ওয়ার্ড। কারাগারের সবচেয়ে আরামের জায়গা বলে পরিচিত ছিল হাসপাতাল ওয়ার্ড। অভিযোগ আছে, কারা কর্মকর্তাদের ঘুষ দিলেই এখানে আরামে থাকা-খাওয়ার ব্যবস্থা হয়ে যেত। সামনের দিকে তিনতলা ওয়ার্ড ‘হাস্নাহেনা’। বিডিআর বিদ্রোহে জড়িত সদস্যদের এই সেলে রাখা হতো। এর পাশে ফাঁসির আসামিদের সেল। আরও আছে ‘চম্পাকলি’ সেল। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হওয়া রাজনৈতিক নেতারা এই সেলে থাকতেন। আরেকটি সেলের নাম ‘নীলনদ’। বিদেশি বন্দীরা এই সেলে থাকতেন। এ রকম চমৎকার নামের আরও সেল আছে। যেমন পদ্মা সেল, মেঘনা সেল, মণিহার, সুরমা, রূপসা, শাপলা, বনফুল, জলসিঁড়ি, বকুল ইত্যাদি।

‘চিহ্ন তব পড়ে আছে, তুমি হেথা নাই’: কারাগারে দক্ষিণ প্রান্তে আছে চার নেতার ঐতিহাসিক সেল। এর পেছনে কনডেম সেল। ফাঁসির মঞ্চটি কনডেম সেলের কাছে। স্পর্শকাতর হওয়ায় সাধারণ মানুষের এটা দেখার সুযোগ নেই। জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম মোহাম্মদ কামারুজ্জামানকে ঘাতকেরা নির্মমভাবে যে কক্ষে হত্যা করেছিল, সেটি জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়েছে। সেখানে তিনটি কক্ষের প্রথমটিতে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দীন আহমদ। পরের দুটিতে ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান। সেলের সামনে চার নেতার আবক্ষমূর্তি। তাঁদের ব্যবহার করা কিছু জিনিসপত্র আছে সেখানে। দেয়ালে আছে ঘাতকের ছোড়া গুলির চিহ্ন। এখানে দাঁড়ালে বিষণ্ন হয়ে ওঠে মন।
ফাঁসির আসামিদের সেলের ঠিক সামনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা স্মৃতি জাদুঘর। জাদুঘরটির সামনে বঙ্গবন্ধুর একটি আবক্ষমূর্তি। মূর্তিটিকে ঘিরে একটি ম্যুরাল। জাদুঘরে আছে বঙ্গবন্ধুর ব্যবহার করা জিনিসপত্র। কারাগারে আজ ১ নভেম্বর থেকে যে প্রদর্শনী হবে, সেখানে সাধারণ দর্শক দুটি জাদুঘরই দেখতে পারবেন।
২২৮ বছরের পুরোনো বন্দিশালায় এখন: কারাগারটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৭৮৮ সালে। প্রায় ৩৮ একর জায়গার ওপর সুবেদার ইব্রাহিম খাঁ চকবাজারে একটি দুর্গ নির্মাণ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এটি জেলখানায় রূপান্তরিত হয়। এখন সেই কারাগারের জায়গায় হবে বিনোদনকেন্দ্র। বন্দিদশা অনুভব করার জন্য ভাড়া দিয়ে থাকাও যাবে কারাগারের ভেতরে। তৈরি হবে শপিং মল, আধুনিক পার্ক, প্রশিক্ষণকেন্দ্র, ব্যায়ামাগার, কনভেনশন সেন্টার ও জাদুঘর।
গত ২৯ জুলাই এই কারাগার থেকে কারাবন্দীদের স্থানান্তর করা হয় কেরানীগঞ্জে নবনির্মিত কারাগারে। এরপর থেকে বদলে গেছে সবকিছু। ভিড়ভাট্টা নেই। কারাবন্দীর স্বজনদের পদচারণায় মুখরিত হয় না কারাগারের ফটক। আপনজনের জন্য বেদনায় কারও চোখে জলও ঝরে না।
প্রদর্শনী: আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘সংগ্রামী জীবনগাথা’ নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আলোকচিত্র নিয়ে কারাগারের ভেতরে প্রথম প্রদর্শনী। জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ জেল ও স্বেচ্ছাসেবী সংগঠন জার্নি যৌথভাবে এর আয়োজন করেছে। বেলা সাড়ে তিনটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে আজ সাধারণ দর্শক যেতে পারবেন না। সাধারণ দর্শকের জন্য প্রদর্শনী খোলা থাকবে ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত। টিকিট ১০০ টাকা।