সেই কালভার্টের মুখ খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ পৌরসভায় ভরাট করে বন্ধ করে দেওয়া সেই কালভার্টের মুখ সম্প্রতি সামান্য খুলে দিয়েছে এলাকাবাসী। সেই মুখ দিয়ে টানা বর্ষণের জমে থাকা পানি নিষ্কাশিত হচ্ছে। এতে কোটগাঁও-গণকপাড়া-দেওভোগ খালের ভরাট করা বালুও ভেসে যাচ্ছে। চিরচেনা খালটি ফিরে আসছে আগের অবস্থায়।খাল ও কালভার্টের মুখে বালু ফেলে ভরাট করা নিয়ে গত ১১ জুন প্রথম আলোর ৪-এর পাতায় ‘খাল ও কালভার্টের মুখ ভরাট’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ভরাটের কারণে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে লোকজন। ২৭ জুন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর খাল ও কালভার্টের মুখ ভরাটকারীকে দুই লাখ টাকা জরিমানা করেন এবং বালু সরিয়ে খাল ও কালভার্টটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন।ভরাট করা স্থান থেকে বালু সরানোর দাবিতে জলাবদ্ধতার শিকার গ্রামবাসী ২৯ জুন জেলা প্রশাসক (ডিসি) ও পৌরসভার মেয়রের বাসভবন ঘেরাও করে। পরে গ্রামবাসী খালের মুখের সামনে থেকে কোদাল দিয়ে বালু তোলে। তবে ওই দিন কালভার্টের ভেতরে ঢোকানো বালুর বস্তা বের করতে পারেনি তারা। পরদিন তারা কালভার্টের ভেতরের বালুর বস্তা বের করতে সক্ষম হয়।খাল উদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেওয়া মেহেজাবিন আহমেদ বলেন, খালের কিছু অংশ ও কালভার্টের মুখের সামান্য অংশ থেকে বালু সরানোয় এখন পানি নিষ্কাশন হচ্ছে। খালটি আগের অবস্থায় ফিরে আসছে। সব বালু সরাতে প্রশাসনের দ্রুত উদ্যোগ নেওয়া দরকার।যোগাযোগ করা হলে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র এ কে এম ইরাদত বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে এলাকার জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। এরপর পরিবেশ অধিদপ্তরের রায় অনুযায়ী ভরাটকারীদের দিয়ে বালু সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, পরিবেশ অধিদপ্তরের নির্দেশ বাস্তবায়নে ভূমি কার্যালয় কাজ শুরু করেছে।