সেই কিশোরকে আবার হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে মুঠোফোন চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে পেটানো কামাল হোসেনের (১৪) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কামালকে পিটিয়ে আহত করার অভিযোগে করা মামলার আরেক আসামি আবদুল কুদ্দুছকে (২২) গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৩ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কুলাউড়া গ্রামে একটি বরইগাছের সঙ্গে কামালকে রশি দিয়ে বেঁধে লাঠি ও গাছের ডাল দিয়ে পেটানো হয়। খবর পেয়ে তার এক আত্মীয় তাকে উদ্ধার করেন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসা নেওয়ার পর গত বুধবার তাকে বাড়িতে আনা হয়। ওই দিন গ্রামের এক লোক কামালকে নির্যাতনের ভিডিও চিত্র তারর বড় ভাই তাজুল ইসলামকে দেখান। পরে তাজুল ওই ভিডিও চিত্র নিয়ে থানায় নিয়ে যান এবং পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ বুধবার রাতেই মোস্তফা মিয়া (৪০) ও মাসুক মিয়াকে (২৬) গ্রেপ্তার করে।