সেই কিশোরীই শিশুটির মা
‘আমার যত কষ্টই হোক আমি তাকে মানুষ করব।’
১৪ বছর বয়সী কিশোরী মায়ের কথা এমনই। ঢাকার শিশু আদালত গত বৃহস্পতিবার নবজাতকের মা হিসেবে এই কিশোরীকে স্বীকৃতি দেন। সন্তান ফিরে পেয়ে মা বলে ওঠেন কথাগুলো। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল এই নবজাতককে।
কিশোরীর আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, তদন্তে প্রমাণিত হয়, ওই নবজাতকের মা হলো ওই কিশোরী। পরে আদালত নবজাতকের মা হিসেবে কিশোরীকে স্বীকৃতি দেন। এখন শিশুটি তার মায়ের কাছেই আছে।
কিশোরী প্রথম আলোকে বলেন, ‘শিশুটিকে কাছে পেয়ে আমি আনন্দিত।
গত বৃহস্পতিবার দেখা যায়, আদালতের নির্দেশে শাকিল নবজাতককে নিয়ে আদালতে হাজির হন। আদালতের আদেশের পর কিশোরীর কোলে দেন শাকিল। পরে কান্নায় ভেঙে পড়েন শাকিল। কিশোরীকে বারবার তিনি বলছিলেন, যদি শিশুটিকে মানুষ করতে তার কষ্ট হয়, তাহলে তিনি তার দায়িত্ব নেবেন।
গত ২৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘এই কিশোরীই কি সেই শিশুর মা?’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, ‘শাকিল নামের এক যুবক গত ১৬ জুলাই মাছ কিনতে রাজধানীর আবদুল্লাহপুর মাছের আড়তের দিকে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তর পাশে এসে দেখেন, একটি হলুদ রঙের শপিং ব্যাগ পড়ে আছে। সেখান থেকে শিশুর কান্নার আওয়াজ আসছিল। ব্যাগের ভেতর থেকে এক দিন বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেন তিনি। সেই নবজাতককে নিয়ে যান বাসায়। পরে তিনি শিশুটিকে নিয়ে যান উত্তরা-পশ্চিম থানায়। অভিভাবক না পাওয়ায় পুলিশ নবজাতকটিকে তাঁর জিম্মায় দেন। দুই ছেলেসন্তানের জনক শাকিল কন্যাশিশুটির লালন-পালন করতে থাকেন। ১৫ দিন পর ১৪ বছরের এক কিশোরী এসে হাজির তাঁর বাসায়। সেই কন্যাশিশুর মা বলে দাবি করে সে। শাকিল তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে বলেন। পরে সে আদালতে এক লিখিত আবেদনে দাবি করে, কুড়িয়ে পাওয়া শিশুটি তার গর্ভজাত সন্তান।
আরও পড়ুন:
এই কিশোরীই কি সেই শিশুর মা?