সেই কিশোরীর বিয়ে রুখেদিল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর সেন্ট রিটাস উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর সেই ছাত্রীর বিয়ে বন্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের হস্তক্ষেপে কিশোরীর বাল্যবিবাহ বন্ধ হয়।
এ সময় কিশোরীর বাবা লিখিতভাবে ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে প্রতিশ্রুতি দেন।
গতকাল এই বাল্যবিবাহ নিয়ে প্রথম আলোতে ‘কিশোরীর গায়েহলুদ আজ, কাল বিয়ে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
কয়েকজন এলাকাবাসী জানান, গতকাল বিকেলে তার গায়েহলুদের অনুষ্ঠান ছিল। বুধবার ঠিক করা হয়েছিল বিয়ে। ইউএনও ও চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিশোরীর বাড়িতে গিয়ে প্রায় এক ঘণ্টা তার পরিবারের সঙ্গে কথা বলেন। পরে মেয়েটির বাবা বিয়ে বন্ধ করতে রাজি হন।
বিদ্যালয় সূত্র জানায়, নিবন্ধন খাতায় কিশোরীর বয়স মাত্র ১৩ বছর ১১ মাস। মেধাবী ওই কিশোরীর স্বপ্ন ছিল লেখাপড়া শিখে বড় হওয়ার। কিন্তু পরিবারের চাপে বসতে হচ্ছিল বিয়ের পিঁড়িতে।
চাটমোহরের ইউএনও শফিকুল ইসলাম বলেন, ‘আমরা কিশোরীর পরিবারকে বাল্যবিবাহের কুফল ও আইন সম্পর্কে বুঝিয়ে বলেছি। পরে কিশোরীর বাবা সবকিছু বুঝতে পেরে বিয়ে বন্ধে রাজি হন। তিনি লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, মেয়েকে আগের মতো স্কুলে পাঠাবেন। ১৮ বছর বয়স না হলে মেয়ের বিয়ে দেবেন না বলেও তাতে উল্লেখ করেন।’
সেন্ট রিটাস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী মনিকা রিবেরু প্রথম আলোকে বলেন, ‘বিয়ে বন্ধের খবরে আমরা অনেক খুশি হয়েছি।’